২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাটাং কালি হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাজ্যে আইনি লড়াই শুরু

৬০ বছরেরও বেশী সময় আগে ব্রিটিশ সেনাদের হাতে ২৪ মালয়েশীয় রাবার শ্রমিক হত্যাকাণ্ড খতিয়ে দেখতে মঙ্গলবার নতুন করে শুনানি শুরু করেছে লন্ডন হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

কাতার, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৬০ বছরেরও বেশী সময় আগে ব্রিটিশ সেনাদের হাতে ২৪ মালয়েশীয় রাবার শ্রমিক হত্যাকাণ্ড খতিয়ে দেখতে মঙ্গলবার নতুন করে শুনানি শুরু করেছে লন্ডন হাইকোর্ট। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালের ডিসেম্বরে মালয়েশিয়ার বাটাং কালি নামক স্থানে এ হত্যাকাণ্ডের সরকারি তদন্ত করতে এতোদিন অস্বীকৃতি জানিয়ে এসেছে যুক্তরাজ্য। সরকারের এই অস্বীকৃতির বিরুদ্ধেই এবার হাইকোর্টে আইনি ব্যবস্থার শরাণাপন্ন হয়েছে নিহত শ্রমিকদের আত্মীয়-পরিজনরা। যুক্তরাজ্যে লেবার পার্টি ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ডেনিস হিলে স্কটল্যান্ড ইয়ার্ডকে এ ঘটনা তদন্তে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যুক্তরাজ্যের কনজারভেটিভ সরকার ১৯৭০ সালে তথ্যপ্রমাণের অভাবে এ চেষ্টা বাদ দেয়। নিহত শ্রমিকদের পরিবারের পক্ষের ব্রিটিশ আইনজীবী জন হাফফোর্ড বলেন, হাইকোর্টে দু’দিনের শুনানিতে সরকারের তদন্ত বন্ধের কারণ দর্শাতে বলা হবে। এ পক্রিয়ার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের সরকারি তদন্তের পথ সুগম হবে বলেই আশা করছে নিহতদের আত্মীয়-পরিজনরা। ১৯৪৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী মালয় কমিউনিস্ট বিদ্রোহ দমনাভিযানের সময় ১২ ডিসেম্বরে বাটাং কালি হত্যাকাণ্ড ঘটায় ব্রিটিশ সেনারা। তাদের দাবি, নিহত ২৪ রাবার শ্রমিক আসলে কমিউনিস্ট কর্মী ছিল। কিন্তু নিহতদের পরিবারের দাবি, তারা সবাই ছিল নিরীহ গ্রামবাসী আর খেটে খাওয়া মানুষ। নিহতদের পরিবারের হয়ে মামলায় লড়ে যাওয়া আইনজীবীরা বলছেন, ওই হত্যাকাণ্ডের যাবতীয় তথ্যপ্রমাণ তাদের হাতে আছে। এর আইনগত কোন ভিত্তি ছিল না বলে দাবি করেছেন তারা। ফলে এর সরকারি তদন্ত শুরুর মধ্য দিয়ে যুক্তরাজ্য ন্যায়বিচার করবে এমনটিই প্রত্যাশা নিহতদের পরিবারের সদস্যদের। যুক্তরাজ্যের ঔপনিবেশিক অতীত যে তাদের তাড়া করে ফিরছে তা এ থেকে স্পষ্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শুরু ১৭৮৬ সাল থেকে। দীর্ঘদিন ব্রিটিশ শাসনে থাকার পর ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এলকিউ/১৭০৪ঘ.