২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের হাতে ১৩ পাকিস্তানি সেনার ‘শিরশ্ছেদ’

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ১৩ সেনাসদস্যের শিরশ্ছেদ করেছে তালেবান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

মিরানশাহ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ১৩ সেনাসদস্যের শিরশ্ছেদ করেছে তালেবান। আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহে এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এনডিটিভি জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, গত রোববার মিরানশাহের একটি সেনা তল্লাসি চৌকিতে অতর্কিত হামলা চালায় তালেবান জঙ্গিরা। এ সময় তারা নয় সেনাকে হত্যা করে এবং পাঁচজনকে অপহরণ করে। “নয় সেনার মৃতদেহ উদ্ধারের পর দেখা যায় সেগুলো মস্তক বিহীন।” এ হামলার জবাবে সেদিন রাতেই ওই অঞ্চলে সেনাবাহিনী অভিযান চালালে এক তালেবান কমান্ডারসহ কয়েক জঙ্গি নিহত হয়। বাকিরা অপহৃত সেনাদের নিয়ে পালিয়ে যায়। পরদিন মাথাহীন দুটি লাশ মিরানশাহ শহরে খুঁটির সঙ্গে ঝুলে থাকতে দেখা যায় এবং চারটি লাশ বাজারে পাওয়া যায়। পাকিস্তান সেনাবাহিনীর ওই অঞ্চলের শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল খালিদ রব্বানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে ওই খবরে বলা হয়। তার উদ্ধৃতি দিয়ে সোমবার ওয়াশিংটন পোস্ট জানায়, “উত্তর ওয়াজিরিস্তানই একমাত্র এলাকা যেখানে এখনো কোনো অভিযান চালানো হয়নি।” গত বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানের এক ধর্মীয় নেতার মৃত্যুকে ঘিরে সেনা সদস্যদের ওপর ওই হামলা হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনীর ধারণা। পেশোয়ারের নিকটবর্তী একটি মাদ্রাসার শিক্ষক মওলানা নসীব খানকে স¤প্রতি অপহরণ করা হয়। পরে তার লাশ পাওয়া যায়। তালেবানের অনেক শীর্ষ নেতা তার ছাত্র ছিলেন। নসীব খানের মৃত্যুর পর এর বদলা নেওয়ার ঘোষণা দেয় তালেবান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এএইচ/১৪১৭ ঘ.