২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গৃহযুদ্ধের হুঁশিয়ারি রেডক্রস-আরব লিগের

সিরিয়াজুড়ে নিরাপত্তা বাহিনীর হামলায় মঙ্গলবার অন্তত ৭ জন নিহত হয়েছে। ক্রমবর্ধমান এ সহিংসতা গৃহযুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে রেডক্রস এবং আরব লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

জেনেভা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়াজুড়ে নিরাপত্তা বাহিনীর হামলায় মঙ্গলবার অন্তত ৭ জন নিহত হয়েছে। ক্রমবর্ধমান এ সহিংসতা গৃহযুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে রেডক্রস এবং আরব লিগ। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, সিরিয়াজুড়ে নিরাপত্তা বাহিনী এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীদের মধ্যে লড়াই সোমবার রাত থেকে উত্তরোত্তর বেড়েই চলেছে। হোমস প্রদেশের আল হাসান গ্রামের বিদ্রোহী অবস্থানগুলোতে রকেট এবং ভারী মেশিনগান ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী। উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশেও সোমবার মধ্যরাতের পর থেকে একইধরনের বোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। সিরিয়ায় কিছু কিছু অঞ্চলে তীব্র লড়াই এরই মধ্যে গৃহযুদ্ধের পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রধান জ্যাকব কেলেনবার্গার। এ বছরের শুরুর দিকে লড়াইবিক্ষুব্ধ হোমস এবং বর্তমান সময়ে উত্তরাঞ্চলীয় ইদলিব শহরের পরিস্থিতি বিশ্লে¬ষণ করলে দেখা যায়, এতে গৃহযুদ্ধের সব বৈশিষ্ট্যই রয়েছে। বিশেষ করে যে তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে রেডক্রস কোনো পরিস্থিতিকে গৃহযুদ্ধের পর্যায়ে ফেলে থাকে। গোটা দেশে না হলেও কয়েকটি জায়গায় গৃহযুদ্ধ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে কেলেনবার্গার রয়টার্সকে বলেন, “এ সম্পর্কে নির্দিষ্ট কয়েকটি এলাকার সশস্ত্র সংঘাতময় পরিস্থিতির কথা বলা যেতে পারে। যেমন: ফেব্র“য়ারিতে হোমস শহরের বাবা অমর এলাকার লড়াই।” সিরিয়া পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কেলেনবার্গার। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন আরব লিগের প্রধান নাবিল এলারাবিও। সতর্ক করে দিয়ে তিনি বলেন, সিরিয়ার বাড়তে থাকা সামরিক অভিযান শেষ পর্যন্ত পুরোদস্তুর গৃহযুদ্ধে রূপ নেবে। সোমবার সিরিয়ায় চলমান সহিংসতার মধ্যেই পার্লামেন্ট নির্বাচন হয়েছে। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে এ নির্বাচনকে মাইলফলক বলে দাবি করেছে সরকার। ভোট শুরুর আগেদেশটির পূর্বাঞ্চলে সহিংসতার ঘটনা ঘটে। পূর্বাঞ্চলীয় দির আল যর প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর লড়াই হয়েছে। তাছাড়া, আসাদ বাহিনীর হামলায় দেশের বিভিন্ন এলাকায় পাঁচজন নিহত হয় বলে জানিয়েছেন সরকার বিরোধী আন্দোলনকারীরা। সিরিয়ার সহিংসতা বন্ধে গত ১২ এপ্রিল থেকে জাতিসংঘের উদ্যেগে সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। কিন্তু প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতি শুরু হলেও সহিংসতা বন্ধ হয়নি। যুদ্ধবিরতি তদারক করতে জাতিসংঘের বেশ কয়েকজন পর্যবেক্ষক সিরিয়ায় আছেন। কিন্তু হামলা-পাল্টা হামলা এবং অভিযোগ- পাল্টা অভিযোগে দিন দিন তাদের কাজ জটিল হয়ে পড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮৫৮ঘ.