২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা কফি আনানের

সিরিয়ার পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে মোড় নিচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ শান্তিদূত কফি আনান। এ অবস্থায় সেখানে সরকারবিরোধীদের সহায়তা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

জাতিসংঘ/বৈরুত, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে মোড় নিচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ শান্তিদূত কফি আনান। এ অবস্থায় সেখানে সরকারবিরোধীদের সহায়তা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়। প্রধান শহরগুলোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এ পরিস্থিতিতে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ ও আরব লীগের মধ্যস্থতাকারী কফি আনানের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠান রেডক্রসও সেখানে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে। মঙ্গলবার জেনেভা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার পরিস্থিতি তুলে ধরেন কফি আনান। পরে জাতিসংঘের সাবেক এই মহাসচিব সাংবাদিকদের বলেন, “যুদ্ধবিরতির শর্ত অমান্য করে সরকার যেমন সহিংসতা চালাচ্ছে, বিদ্রোহীরাও তেমনি হামলা অব্যাহত রেখেছে। সিরিয়ার পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। দেশটিতে পুরোপুরি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি বিরাজ করছে।” তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নই সিরিয়ায় গৃহযুদ্ধ এড়ানোর একমাত্র উপায় বলেও মন্তব্য করেন তিনি। কফি আনারের শান্তি পরিকল্পনা অনুযায়ী সিরীয় সরকার ও বিদ্রোহীরা গত ১২ এপ্রিল সাময়িকভাবে অস্ত্রবিরতিতে গেলেও পরদিন থেকে আর তা মেনে চলেনি। এছাড়া সরকার প্রতিশ্র“ত রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংশোধন করে বিরোধী দল গঠনের অনুমতি দেওয়া হলেও তাকে রাজনৈতিক ভাওতাবাজি বলে প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। সংশোধিত সংবিধানের আলোকে সোমবারের পার্লামেন্ট নির্বাচনের অংশ নেয়নি তারা। নিরাপত্তা পরিষদের বৈঠকের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, “আনানের শান্তি পরিকল্পনার ছয়টি শর্তের কোনোটি পুরোপুরি মেনে চলছে না সিরীয় সরকার।” “সিরিয়ার পরিস্থিতি ভয়াবহ, বিশেষত প্রতিদিন যে লাখ লাখ মানুষ হামলার শিকার হচ্ছে এবং যাদের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন তাদের অবস্থা মর্মান্তিক।” সিরিয়ায় সরকার বিরোধীদের সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “সংগঠিত ও শক্তিশালী হওয়ার জন্য আমরা বিরোধীদের সহায়তা করছি।” তবে প্রাণঘাতী কোনো অস্ত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিরোধীদের দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, সিরিয়ার কিছু কিছু অংশে গৃহযুদ্ধের মতো তীব্র লড়াই চলছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে গত বছর মার্চ থেকে সেখানে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতায় প্রতিদিনই হচ্ছে রক্তপাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১১৪৪ ঘ.