নয়াদিল্লি, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানকে জঙ্গি তৎপরতা দমনে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
দেশ যাতে সন্ত্রাসের উৎসভূমি হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে পাকিস্তানকে আরো বেশি কিছু করার জন্য তাগাদা দেন তিনি।
ভারতে দু’দিনের সফরের শেষদিন মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি এ আহ্বান জানান।
জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার জন্য ভারত বরাবরই পাকিস্তানকে দোষারোপ করে আসছে। সেই ভারতে দাঁড়িয়েই এবার মিত্রদেশ পাকিস্তানকে জঙ্গিদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
‘সন্ত্রাস বিরোধী’ যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদেশগুলোর মধ্যে পাকিস্তানের ভূমিকা উল্লেখযোগ্য।
২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতা হিসাবে অভিযুক্ত পাকিস্তানি নাগরিক হাফিজ সাঈদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় পকিস্তানের তীব্র সমালোচনা করেন ভারত ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী।
সাঈদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণপত্র পাকিস্তানের কাছে হস্তান্তরের পরও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ইসলামাবাদের অপারগতার কারণে ক্ষুব্ধ হয়ে আছে ভারত।
এ পরিস্থিতিতে হিলারি বলেন, “আমরা পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে আছি। আশা করি সন্ত্রাস দমনে তারা আরো সক্রিয় ভূমিকা নেবে।”
“পাকিস্তানসহ বিশ্বের যে কোনো জায়গায় সন্ত্রাসী হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা যাতে পাকিস্তানের মাটিতে আস্তানা গাড়তে না পারে তা নিশ্চিত করা জরুরি। পাকিস্তানে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের হামলায় খোদ সেদেশেই ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এটি খুবই দূর্ভাগ্যজনক,” বলেন তিনি।
ওদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা বলেন, “প্রতিবেশী দেশটি থেকে সন্ত্রাসীদের অভয়ারণ্য উচ্ছেদ করা এবং মুম্বাই হামলার ষড়যন্ত্রকারীদের বিচারের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর পদেক্ষেপ নেওয়া দরকার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৩ঘ.
bdnews24