২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার হামলা পরিকল্পনা নস্যাৎ

এফবিআই বলছে, ‘অর্ন্তবাস’ বোমার এই নতুন সংস্করণ ব্যবহার করে একটি বিমান ধ্বংসের পরিকল্পনা করেছিল আল কায়েদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ওয়াশিংটন, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে বোমা হামলা চালিয়ে বিমান ধ্বংসের একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি ‘অর্ন্তবাস’ বোমা উদ্ধার করেছে, যা বিমানবন্দরের স্ক্যানারকেও ফাঁকি দিতে সক্ষম। এই বোমা ব্যবহার করে আল কায়েদার জঙ্গিরা কোনো একটি যাত্রীবাহী বিমান ধ্বংসের পরিকল্পনা করছিল বলে এফবিআইয়ের ধারণা। ওবামা প্রসাশন সোমবার জানায়, কোনো নির্দিষ্ট বিমানকে টার্গেট করে টিকেট কেনার আগেই পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে তা ধরে ফেলেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। গত দশদিনের মধ্যে কোনো এক সময়ে বোমাটি উদ্ধার করা হয়। এফবিআইয়ের দাবি, ইয়েমেন ভিত্তিক আল কায়েদার মধ্যপ্রাচ্য শাখা আল কায়েদা ইন দ্যা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই পরিকল্পনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে তারা। এর আগে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের একটি বিমান ধ্বংসের চেষ্টায় একটি ‘অর্ন্তবাস’ বোমা ব্যবহার করেছিল আত্মঘাতী হামলাকারীরা। এবারের বোমাটি তারই উন্নত সংস্করণ বলে কর্মকর্তারা জানিয়েছেন। “প্রাথমিক অনুসন্ধানে বোঝা গেছে, বিমান উড়িয়ে দেওয়া ও হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী হামলার জন্য একিউএপির ব্যবহার করা একই ধরনের বোমা এটি, তবে আরো উন্নতমানের”, বলা হয় এফবিআইয়ের বিবৃতিতে। হোয়াইট হাউজের মুখপাত্র জানান, গোয়েন্দারা গত এপ্রিলে প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রথম এই হামলা পরিকল্পনার খবর দেন। ‘অর্ন্তবাস বোমা’ ব্যবহারের প্রথম ঘটনা ঘটে সৌদি আরবের সন্ত্রাস-বিরোধী জ্যেষ্ঠ কর্মকর্তা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ হত্যার চেষ্টায়। এক হামলাকারী নিজের অর্ন্তবাসের ভেতরে একটি বোমা নিয়ে সৌদি কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করে। আত্মঘাতী ওই হামলায় হামলাকারী নিহত হলেও বেঁচে যান মোহাম্মদ বিন নায়েফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে