লন্ডন, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিদিনের চেয়ে আরো বড় ও উজ্জ্বল চাঁদ রুপালী আলোয় ভরিয়ে দিয়েছে রোববারের রাতের আকাশ। এই দিন চাঁদ পৃথিবীর আরো কাছে আসাতেই এমনটি হয়েছে।
চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করার সময় এর আকার এবং উজ্জ্বলতা যতটুকু থাকে তার চেয়ে এই চাঁদ ১৪ শতাংশ বড়; আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। তাই একে বলা হয় ‘পূর্ণ চাঁদ’।
এ রাতে চাঁদের উজ্জ্বলতার চেয়ে আকৃতিটাই বেশি চোখে পড়ে বলে জানান যুক্তরাজ্যের রয়্যাল ‘এ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি’র জ্যোতির্বিদ ড. মেসি।
সাধারণত চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার বা (২ লাখ ৩৮ হাজার ৬০৬ মাইল)। রোববার চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসায় দূরত্ব হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪০০ কিলোমিটার বা (২ লাখ ২১ হাজার ৪৫৭ মাইল)।
ড. মেসি বলেন, “চাঁদ সুন্দর এবং একটি পরিপূর্ণ চাঁদ সবসময়ই চমকপ্রদ।”রোববার চাঁদ ও পৃথিবী নিকটতম দূরত্বে থাকায় সাগরে প্রবল জোয়ারের আশঙ্কার কথাও জানান তিনি।
তবে এ কারণে কোন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নাকচ করেছেন বিজ্ঞানীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৩ঘ.
bdnews24