২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সরকারী বাহিনীর গুলিতে নিহত ৫

সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে বিক্ষোভকারীদের ওপর সরকারী বাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

দামেস্ক, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে বিক্ষোভকারীদের ওপর সরকারী বাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে শুক্রবারের বিক্ষোভে সরকারী বাহিনী এ হত্যাযজ্ঞ চালায় বলে জানিয়েছে আন্দোলনকারীরা। দামেস্কর কফর সউসেহ এলাকায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে বাশার অনুগত নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করলে তিনজন নিহত হন। শহরের নিুবিত্তদের এলাকা তাদামুনে এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার একদিন আগে বৃহস্পতিবার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আসাদ বিরোধী প্রতিবাদ সমাবেশে সরকারী বাহিনী হামলা করলে অন্তত চারজন নিহত হয়। আসাদ সমর্থক ছাত্ররাও ধারালো অস্ত্র নিয়ে এ হামলায় অংশ নেয়। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আলেপ্পোতে আরো তিনজনকে হত্যা করা হয়েছে। বৃহষ্পতি ও শুক্রবারে সিরিয়াজুড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। সিরিয়ায় সহিংসতা অবসানের লক্ষে জাতিসংঘের মধ্যস্থতায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই এই গুলিবর্ষণে হতাহতের ঘটনা ঘটল। এক বছরেরও বেশি সময় ধরে চলা এ সহিংসতা অবসানে গত ১২ এপ্রিল থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ পর্যবেক্ষকদের একটি ছোট দল এখন সিরিয়ায় আছে। কিন্তু সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে সহিংসতা অবসানে আরো বড় উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন জাতিসংঘ-আরবলীগের শান্তিদূত কফি আনান। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার বিবৃতি দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় চলমান সহিংসতায় এ পর্যন্ত ৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অপরদিকে সিরীয় সরকারের দাবি, এ সময়ে ‘বিদেশী সমর্থনপুষ্ট সন্ত্রাসীদে’র হামলায় সরকারি বাহিনীর অন্তত ২ হাজার ৬’শ জন সদস্য নিহত হয়েছেন। এসব অস্থিরতা সত্ত্বেও একটি নতুন সংবিধানের আওতায় আগামী সোমবার পার্লামেন্ট নির্বাচন করার পরিকল্পনা করেছে সিরীয় সরকার। নতুন সংবিধানে নতুন রাজনৈতিক দল গঠনের সুযোগ রাখা হয়েছে। সংবিধানের এ পরিবর্তনে কার্যকর হলে সিরিয়ায় আসাদের বাথ পার্টির কয়েক দশকের একদলীয় শাসন অবসান হতে পারে। সোমবারের নির্বাচনকে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ বলে দাবি করেছে সরকার। কিন্তু নির্বাচনের উদ্যোগকে রাজনৈতিক ধাপ্পা বলে বাতিল করে দিয়েছে সরকার বিরোধীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৪০৪ ঘ.