২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় মেয়াদে লন্ডনের মেয়র হলেন জনসন

দ্বিতীয় মেয়াদে আবারো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা বোরিস জনসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

লন্ডন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় মেয়াদে আবারো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী বোরিস জনসন। দ্বিতীয় দফা ভোটে লেবার পার্টির প্রার্থী কেন লিভিংস্টোনকে তিন শতাংশ ভোটে হারিয়েছে বিজয়ী হন তিনি। ৪৭ বছর বয়সী জনসনই পরবর্তীতে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বে আসবেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেও তার কথা ভাবছে অনেকে। প্রথম দফা ভোটে কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় লন্ডনবাসীকে মেয়র পেতে দ্বিতীয় দফা ভোট দিতে হয়। দ্বিতীয় দফায় জনসন ১০ লাখ ৫৪ হাজার ৮১১ ভোট পেয়েছেন যা মোট ভোটের ৫১ দশমিক ৫ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন লিভিংস্টোন পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট। প্র্রথম দফায় জনসন ৪৪ শতাংশ ও লিভিংস্টোন ৪০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিলেন। লন্ডন সিটি হলে শুক্রবার ভোট গণনার পর জনসন বলেন, “লন্ডনবাসীর যাতে কল্যাণ হয় সেজন্য আমি লড়াই চালিয়ে যাবো। সরকারের পক্ষ থেকে কোনো ভালো উদ্যোগ এ শহরের সবার জন্য সমৃদ্ধি এনে দিতে সহায়তা করবে।” “লন্ডনের নাগরিক বিশেষ করে যুবকদের জন্য চাকরি নিশ্চিত করতে নিজেকে উৎসর্গ করবো আমি,” বলেন তিনি। কনজারভেটিভ দলের সহ-সভাপতি ব্যারোনেস ওয়ার্সি এ জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, লন্ডনের জনগণের সঙ্গে জনসনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ তার এ বিজয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৬২৯ ঘ.