টোকিয়ো, ০৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে গত বছর ভয়াবহ সুনামি পরবর্তী ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর পরমাণু চুল্লি বন্ধের অভিযানে এবার শেষ চুল্লিটিও বন্ধ করে দিচ্ছে টোকিও।
এর মধ্য দিয়ে ১৯৭০ সালের পর এই প্রথম পরমাণু বিদ্যুৎ বিহীন দেশে পরিণত হচ্ছে জাপান।
জাপানে মোট ৫৪ টি পারমাণবিক চুল্লি ছিল।
কিন্তু ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা নিয়ে জনগণের উদ্বেগের কারণে জাপান এরই মধ্যে একের পর এক পরমাণু চুল্লি বন্ধ করেছে।
বাকি ছিল কেবলমাত্র একটি চুল্লি। সেটিও এবার বন্ধ হচ্ছে।
জাপানের উত্তরাঞ্চলে হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার কোং এর এই ‘এনওথ্রি তোমারি’ চুল্লিটি রোববার বন্ধ করে দেওয়া হবে।
জাপানের প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ চাহিদা মেটানো হত পরমাণু শক্তি দিয়ে।
এখন গ্রিষ্মে বিপুল পরিমাণ বিদ্যুৎ চাহিদার এ সময়ে সর্বশেষ পরমাণু চুল্লি বন্ধের এ পদক্ষেপে বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে ওঠা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে জাপান অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হলে পরমাণু শক্তির বিরুদ্ধে গড়ে উঠবে আরো শক্তিশালী জনমত।
বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় বিদ্যুৎ ব্যবহারের ওপর ইতোমধ্যেই কড়াকড়ি করছে জাপান সরকার।
তাছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর অতিরিক্ত চাপ এড়াতে কল-কারখানাগুলোতে রাতে এবং ছুটির দিনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
এ বছরও সরকার একই কৌশলে সফল হলে পরমাণু শক্তির পক্ষপাতিদের যুক্তি আর ধোপে টিকবে না।
১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার পর জাপানের ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনাই বিশ্বে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা।
জননিরাপত্তার জন্যই জাপান সরকার তাদের সব পরমাণু চুল্লি বন্ধ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৪ঘ.
bdnews24