আবুজা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার প্রত্যন্ত উত্তরপূর্বাঞ্চলে একটি গরুছাগলের হাটে বন্দুকধারীদের গুলি ও বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। ইয়োবে রাজ্য গভর্নরের মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন।
মুখপাত্র ইব্রাহিম গাইদাম ফোনে রয়টার্সকে বলেন, “ইয়োবে রাজ্য গভর্নর পোটিসকুম বাজারস্থল পরিদর্শন করেছেন। সেখানেই তাকে ৬০ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৯ জন।”
এর আগে স্থানীয় হাসপাতাল মর্গে ৫৬ টি লাশ পাওয়ার কথা জানান হাসপাতালের এক নার্স। তবে পুলিশ কমিশনার হামলায় নিহতের সংখ্যা ৩৪ উল্লেখ করেন।
ইয়োবে রাজ্যের পোটিসকুম শহরে বুধবার রাতে এ হামলায় কারা জড়িত তা স্পষ্ট জানা যায়নি। তবে মুসলিম জঙ্গি গোষ্ঠী বোকো হারাম মাঝে মাঝে এ জায়গায় হামলা চালিয়ে থাকে।
পোটিসকুম শহরের হাসপাতালের নার্স বাবাঙ্গিদা বৃহস্পতিবার মর্গে ৫৬ টি লাশ গোনার কথা জানান। গুরুতর আহত আরো অনেকেই মারা গিয়ে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ হামলার ঘটনায় বোকো হারাম জড়িত বলেই সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোসেস নামিরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১০ঘ.
bdnews24