২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেনকে বিদেশে পড়তে দেবে চীন, হিলারির প্রসংশা

বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং চাইলে বিদেশে পড়তে যেতে পারেন বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীনের এ উদারতা ‘উৎসাহব্যাঞ্জক’ বলে প্রসংশা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

বেইজিং, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং চাইলে বিদেশে পড়তে যেতে পারেন বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীনের এ উদারতা ‘উৎসাহব্যাঞ্জক’ বলে প্রসংশা করেছেন। চেন চাইলে বিদেশে পড়াশুনার জন্য আবেদন করতে পারেন জানিয়ে চীন শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সঙ্কট থেকে বের হয়ে আসার চেষ্টা নেয়। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “চেন চাইলে নিয়মানুযায়ী সঠিক পথে আইনের সঙ্গে সঙ্গতি রেখে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিদেশে পড়াশুনার জন্য আবেদন করতে পারেন। যেমনটি করে থাকেন চীনের অন্যান্য নাগরিকরা।” এরই প্রতিক্রিয়ায় হিলারি বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, কয়েকদিনের আলোচনার পর চেনকে তার ভবিষ্যৎ গড়ায় সহায়তা করার ব্যাপারে অগ্রগতি হয়েছে। বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূত ইতোমধ্যেই চেনের সঙ্গে কথা বলেছেন জানিয়ে হিলারি বলেন, চীন তাকে বাইরে পড়তে যাওয়ার অনুমতি দেওয়ার যে আভাস দিয়েছে তা উৎসাহব্যাঞ্জক। তিনি আরো বলেন, আমরা চেনের ইচ্ছাকে মূল্য দেওয়া এবং আমাদের মূল্যবোধ রক্ষায় প্রতিশ্র“তিবদ্ধ। তিনি এখন বেইজিংয়ের একটি হাসপাতালে আছেন এবং যুক্তরাষ্ট্রে সময় কাটাতে চান। আমরা মানবাধিকারের এ বিষয়গুলো নিয়ে চীন সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা চালিয়ে যাব। আমাদের কূটনীতিতে এ বিষয়গুলোই প্রাধান্য পাবে, বলেন হিলারি। বেইজিংয়ের মার্কিন দূতাবাস ছাড়ার পর চেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চান। এর আগে বুধবার চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ব্যাপারে কমিউনিস্ট পার্টি কর্তৃপক্ষের কাছ থেকে অভাবনীয় ছাড় পাওয়ার পরই চেন মার্কিন দূতাবাস ছাড়েন এবং চীনেই থাকার সিদ্ধান্ত নেন বলে জানানো হয় খবরে। কিন্তু পরে চেন বলেন, চুক্তির আওতায় চীনে থেকে গেলে তিনিসহ তার পরিবারের নিরাপত্তা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা আছে। এরই মধ্যে মার্কিন কংগ্রেসে ফোন করে চেনের সাহায্যের আবেদনে চাপের মুখে পড়েছে ওবামা প্রশাসন। চেন বৃহস্পতিবার হাসপাতাল থেকে টেলিফোনে বলেন, স্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি মন পরিবর্তন করেছেন। কারণ পরিবারের ওপর নানা হুমকি আসছে বলে জানিয়েছেন তার স্ত্রী। চেন বলেন, “আমি খুবই নিরাপত্তাহীন বোধ করছি। আমার অধিকার এবং নিরাপত্তা এখানে নিশ্চিত হওয়া সম্ভব না।” তার সঙ্গে একমত প্রকাশ করে পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে আশ্রয়লাভের সিদ্ধান্তে সায় দিয়েছে বলে জানান চেন। গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার ছয়দিন পর সেখান থেকে বের হয়ে আসেন দৃষ্টিশক্তিহীন চেন গুয়াংচেং। এ নাটকীয় ঘটনার মধ্য দিয়ে তিনি ভিন্নমতাবলম্বীদের ওপর চীন কর্তৃপক্ষের দমনপীড়ন প্রতিরোধের প্রতীকে পরিণত হন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় চেন স্বেচ্ছায় মার্কিন দূতাবাস ছেড়েছেন বলে জানালেও তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে। দূতাবাস ছাড়ার পর চেন মার্কিন রাষ্ট্রদূত গেরি লোকে ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বেইজিংয়ের চাওয়িয়াং হাসপাতালের ভিআইপি সেকশনে যান। সেখানে চেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চেন এখনো হাসপাতালেই আছেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ওয়াশিংটন-বেইজিং চুক্তির আওতায় চেন প্রথমে চীনে থাকতে চাইলেও ভরসা রাখতে পারেননি। চীন কর্তৃপক্ষ চেনকে সত্যিই কতটা স্বাধীনভাবে চলাফেরা করতে দেবে তা নিয়ে সংশয়ের কারণে ওয়াশিংটন ইতোপূর্বে জানায়, তার সঙ্গে সরকার কি আচরণ করে তা নিবিড়ভাবে লক্ষ্য রাখবে তারা। চেনের কর্মকাণ্ডকে কোনোভাবে ব্যাহত করার চেষ্টা চললে নতুন করে সংঘাত দেখা দেবে বলেও হুঁশিয়ার করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উচ্চ পর্যায়ের বার্ষিক বৈঠকের জন্য চীনে পৌঁছানোর পরপরই চেনের দূতাবাস ছাড়ার ঘোষণা আসে। একজন মার্কিন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেন। দূতাবাসে চেনের আশ্রয়লাভের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রকে ক্ষমাও চাইতে বলা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন এক বিবৃতিতে বলেন, “একথা বলতেই হচ্ছে যে, মার্কিন দূতাবাস অযাচিতভাবে চীনের নাগরিক চেন গুয়াংচেংকে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় চীন চরমভাবে অসন্তুষ্ট।” এতে আরো বলা হয়, “যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীনের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ। চীন তা মেনে নিতে পারে না। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে। বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে তাদেরকে। দায়ীদের শাস্তি দিতে হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না সে নিশ্চয়তা দিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৩ঘ.