২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে দুই ফটো সাংবাদিকের লাশ উদ্ধার

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশ থেকে দুই জন ফটো সাংবাদিকসহ চারজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

মেক্সিকো সিটি, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশ থেকে দুই জন ফটো সাংবাদিকসহ চারজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভেরাক্রুজের বোকা দেল রিও শহরের একটি খাল থেকে আবর্জনার ব্যাগে ভরা অবস্থায় টুকরো টুকরো করা লাশ চারটি উদ্ধার করা হয়। নিহত ফটোসাংবাদিক গুইলারমো লুনা ভেরাক্রুজনিউজ সংবাদ সংস্থার এবং গ্যাব্রিয়েল হিউজ নোটিভার সংবাদপত্রের কর্মী ছিলেন। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। ভেরাক্রুজ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনার জন্য সংঘবদ্ধ মাদক সন্ত্রাসীদের দায়ী করেছে। ঘটনা তদন্তের জন্য দেশটির ফেডারেল তদন্তকারীদের অনুরোধ জানিয়েছে ভেরাক্রুজ কর্তৃপক্ষ। হিউজের সহকর্মীরা জানান, গত কয়েক মাস ধরে প্রাণনাশের হুমকি দেওয়ায় কিছুদিন ধরে হিউজ বোকা দেল রিও শহরের বাইরে অবস্থান করছিলেন। মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশনের হিসেব অনুযায়ী, গত এক দশকে মেক্সিকোতে ৭০ জনেরও অধিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে প্রায়ই সংবাদপত্র অফিসে গ্রেনেড ও বন্দুক হামলা চালানো হয়। সাংবাদিকদের হুমকি দেওয়া এখানে একটি নৈমিত্তিক ঘটনা। প্রাণনাশের হুমকির কারণে অনেক সাংবাদিক দেশ ত্যাগেও বাধ্য হয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারস’র মতে, গত বছর বিশ্বে সাংবাদিকদের জন্য তৃতীয় ভয়ঙ্কর দেশ ছিলো মেক্সিকো। এ তালিকার প্রথম দুটি দেশ হলো পাকিস্তান ও ইরাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/আরএ/১৪৫৫ ঘ.