২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 05:56 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

খার, পাকিস্তান, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। শুক্রবার উত্তরপশ্চিম পাকিস্তানের আফগান সীমান্তবর্তী পশতুন এলাকার বাজাউরের একটি জনাকীর্ণ বাজার এলাকার কাছে হামলার এ ঘটনা ঘটে। একটি পুলিশ তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। পাকিস্তানের তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায়িত্ব স্বীকার করেছে। দেশটির আঞ্চলিক জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তা আব্দুল হাসিব জানিয়েছিলেন, হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। কিন্তু খারের প্রধান হাসাপাতালের ডাক্তার মোহাম্মদ আফিফ নিহতের সংখ্যা ২০ জন এবং আহতের সংখ্যা ৪৫ জন বলে নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনজন পুলিশ সদস্য বলে জানিয়েছেন আরেকজন সরকারি কর্মকর্তা। হামলাস্থলটি পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে জানিয়েছে পুলিশ। টিটিপি’র মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেছেন, “আমরা আজ হামলাটি চালিয়েছি। আমাদের উদ্দেশ্য সফল হওয়ায় আমরা খুব খুশি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/আরএ/১২৫৪ ঘ.