আরলিংটন, ভার্জিনিয়া, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী নিউ গিংরিচ বুধবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
ভার্জিনিয়ায় আর্লিংটনের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সামনে বিশদ এক বক্তৃতায় মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
গিংরিচ বলেন, তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু তার মানে এই না যে তিনি নাগরিকত্বও ছেড়ে দিচ্ছেন। ফলে দেশের সক্রিয় নাগরিক হিসাবে দায়িত্ব পালন করে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন তিনি।
গিংরিচের প্রস্থানে রিপাবলিকান দল থেকে মিট রমনির প্রার্থিতা একরকম নিশ্চিত হয়ে গেল।
মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার গিংরিচ ভোটের সংখ্যায় প্রায় মিট রমনির কাছাকাছি ছিলেন। আর তাই মনোনয়ন দৌড় থেকে সরে গেলেও রিপাবলিকান প্রার্থী হিসাবে রমনিকে প্রকাশ্যে কোনো সমর্থন দেননি গিংরিচ।
তবে তিনি বলেন, ভোটাররা নভেম্বরের নির্বাচনে ডেম্যোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা না ম্যাসাচ্যুসেটসের সাবেক গভর্নরকে (রমনি) বেছে নেবেন সে সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে ফেলেছেন।
রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে সাউথ ক্যারোলাইনা এবং নিজ রাজ্য জর্জিয়ার প্রাইমারিতে জিতলেও অন্যান্য অনেক রাজ্যের ভোটেই ভালো ফল করতে পারেননি নিউ গিংরিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৩ঘ.
bdnews24