ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে এগুলে রাশিয়া আগ বাড়িয়ে ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ার করেছে।
‘আগ বাড়িয়ে ধ্বংসাত্মক শক্তি’ ব্যবহারের প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া নিয়ে আলোচনা প্রায় ভেস্তে গেছে- রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী একথা জানানোর পর এ হুঁশিয়ারি দিল দেশটি।
ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়া তাদের নিরাপত্তায় হুমকি বলেই মনে করছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, এ ব্যবস্থা গড়ার লক্ষ্য রাশিয়া নয় বরং ইরান এবং উত্তর কোরিয়ার মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হামলা মোকাবেলা করাই আসল উদ্দেশ্য।
বিবিসি জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চুক্তি করতে বৃহস্পতিবার মস্কোয় দু’দিন ব্যাপী আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদিউকভ জানিয়েছেন, আলোচনা ভেস্তে যেতে বসেছে। তবে ন্যাটো এখনো চুক্তিতে পৌঁছার আশা প্রকাশ করেছে।
কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা জেনারেল নিকোলাই মাকারভ সতর্ক করে দিয়ে বলেছেন, পরিস্থিতির আরো অবনতি হলে আগ বাড়িয়ে ধ্বংসাত্মক শক্তি ব্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো বলেন, ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা হলে রাশিয়া তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আরো শক্তিশালী পরমাণু অস্ত্র ভরবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথম ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করার পর ২০০০ সাল থেকে দু দেশের মধ্যে বিষয়টি নিয়ে বিরোধ চলে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ঘ.
bdnews24