২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে ফেরি ডুবি নিখোঁজদের সন্ধানে সহায়তা চাইল ভারত

ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদীতে ফেরি ডুবিতে নিখোঁজদের সন্ধানে বাংলাদেশের সহায়তা চেয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

কুড়িগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদীতে ফেরি ডুবিতে নিখোঁজদের সন্ধানে বাংলাদেশের সহায়তা চেয়েছে ভারত। বৃহস্পতিবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে জেলা প্রশাসক পর্যায়ে এক পতাকা বৈঠকে এ অনুরোধ জানায় দেশটি। গত ৩০ এপ্রিল ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদীতে একটি ফেরি ডুবে যায়। ফেরি ডুবির পর বেশ কিছু লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে ৪২ জন। ভারতের ধুবড়ি জেলা প্রশাসক কুমুদ কলিতা বলেন, লাশগুলো নদী দিয়ে ভেসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই নিখোঁজ লাশ উদ্ধারে এবং তা ফেরত পেতে বাংলাদেশের সহায়তা চাওয়া হয়েছে। এ ব্যাপারে সর্বাত্মক সহায়তার প্রতিশ্র“তি দিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ফেরি ডুবির খবর পেয়েই ১০টি নৌকা নিয়ে ব্রহ্মপুত্রে লাশ খুঁজছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোন লাশ পাওয়া যায়নি। পাওয়া গেলে তা ভারতের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পুলিশ সুপার মাহবুবুর রহমান ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ। ভারতের পক্ষে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার সালোই এবং বিএসএফের ধুবড়ির সেক্টর কমান্ডার এম এল সোহানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৫৩ ঘ.