২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ৪০ কোম্পানির ওপর নিষেধাজ্ঞার আহ্বান

উত্তর কোরিয়ার ৪০ টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটিতে একটি তালিকা জমা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া এবং জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

যুক্তরাষ্ট্র, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়ার ৪০ টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটিতে একটি তালিকা জমা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া এবং জাপান। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের রকেট উৎক্ষেপণের শাস্তিস্বরূপ এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিক মঙ্গলবার একথা জানিয়েছেন। তবে চীন এ পদক্ষেপে বাধ সেধে বলেছে, তারা জাতিসংঘের কালো তালিকায় উত্তর কোরিয়ার কেবলমাত্র দুটো কোম্পানি অন্তর্ভুক্ত রাখায় সম্মতি দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এ সংখ্যা খবিই নগন্য বলেই বিবেচনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দূতরা। ঊর্ধ্বতন এক কূটনীতিক রয়টার্সকে বলেন, “যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়া একযোগে প্রায় ৪০ টি উত্তর কোরীয় কোম্পানির তালিকা নিষেধাজ্ঞা ‘কমিটি ১৭১৮’ কে দিয়েছে।” “আর চীন যথারীতি এ পদক্ষেপের বিরোধিতা করছে। উত্তর কোরিয়ার আরো বেশি কোম্পানি কালো তালিকাভুক্ত করতে চীনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।” তবে এ তালিকায় কোন কোন কম্পানির নাম আছে সে ব্যাপারে পরিস্কার কিছু জানা যায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত মাসে এক বিবৃতিতে উত্তর কোরিয়ার ১৩ এপ্রিলের রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়ে পিয়ংইয়ংয়ের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে। সেইসঙ্গে উত্তর কোরিয়া এরপর আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর চেষ্টা নিলে আরো কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮৫৫ঘ.