কায়রো, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাসীন সেনা পরিষদের বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাত ব্যক্তিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোরে কায়রোয় মিশরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরের কাছে এ ঘটনা ঘটে।
মিশরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
এ ঘটনায় আরো প্রায় ১০০ জন আন্দোলনকারী আহত হয়েছে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরা পাথর, গলফ স্টিক, বোমা ও শটগান নিয়ে তাদের ওপর হামলা চালায়।
আন্দোলনকারীরা ওহাবীপন্থী (সালাফি) আল নুর পার্টির অযোগ্যঘোষিত প্রেসিডেন্ট পদপ্রার্থী হাজেম আবু ঈসমাইলের সমর্থক বলে জানা গেছে।
মায়ের দ্বৈত-নাগরিকত্বের কারনে প্রেসিডেন্ট নির্বাচনে ঈসমাইলকে অযোগ্য ঘোষণা করা হয়। গত বছর হোসনি মুবারকের পতনের পর ঘোষিত মিশরের নতুন সংবিধান অনুযায়ী তিনি অযোগ্য হন।
বিবিসির কায়রো প্রতিনিধি জানিয়েছেন, কয়েকদিন ধরে বিক্ষোভরত আবু ঈসমাইলের সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য ক্ষমতাসীন সামরিক পরিষদ হামলাকারীদের ভাড়া করে করেছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৭৫০ ঘ.
bdnews24