লাদেনহত্যার বর্ষপূতিতে আফগানিস্তানে ওবামা
রাতের অন্ধকারে ঝটিকা সফরে আফগানিস্তানে গিয়ে এক কৌশলগত চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ভিডিও
বাগরাম, আফগানিস্তান, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওসামা বিন লাদেন নিহত হওয়ার বর্ষপূতিতে ঝটিকা সফরে আফগানিস্তানে গিয়ে হামিদ কারজাইয়ের সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে সই করেছেন বারাক ওবামা।
একইসঙ্গে নির্বাচন সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট তার দেশের ভোটারদের এই বার্তা দিয়েছেন যে শিগগিরই আফগান যুদ্ধ শেষ করতে চান তিনি।
ওবামা সোমবার রাতের অন্ধকারে আফগানিস্তানে পৌঁছানোর পর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাসাদে ‘দীর্ঘমেয়াদী সহযোগিত চুক্তিতে’ সই করেন। এর আওতায় আফগানিস্তানে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিশ্চিত করা হবে, যাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্যের পাশাপাশি ‘পরামর্শও’ পাবে কারজাইয়ের দেশ।
মূলত এই চুক্তির মধ্য দিয়ে ওবামা যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ সমাপ্তিরও একটি সীমারেখা টানলেন, ২০১১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর যে যুদ্ধ শুরু করেছিলেন ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ।
‘আমেরিকার জনগণের ক্ষোভের কারণ হয়ে ওঠা’ এই যুদ্ধের সমাপ্তি টানার পাশাপাশি আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার সফল অভিযানের বিষয়টিও যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় সামনের দিকে রাখছেন ওবামা।
কারজাইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি স¤প্রচারিত এক টেলিভিশন ভাষণে ওবামা বলেন, “আমেরিকান ভাইয়েরা, এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধের কালো মেঘের নিচ দিয়ে হেঁটে যেতে হয়েছে আমাদের। তারপরও আজ আফগানিস্তানে ভোরের আলো ফোটার আগের এই অন্ধকারে দীগন্তে এক নতুন দিনের আলো ফোটার আভাস পাচ্ছি আমরা।”
এ সময় টেলিভিশনের পর্দায় ওবামার পেছনে দেখা যায় আমেরিকান ঘাঁটির সামরিক যানের বহর, যুক্তরাষ্ট্রের পতাকা।
“দেশের বাইরে যুদ্ধ আর দেশে অর্থনৈতিক সংকট- এই দুই দুর্যোগের মধ্যে একটি দশক কাটানোর পর এখন আমেরিকাকে নবায়নের সময়। আফগানিস্তানে এই যুদ্ধ শুরু হয়েছিল, এখানেই এর শেষ হবে”, বলেন ওবামা।
২০০১ সালে তালেবান শাসনের অবসান ঘটিয়ে বহুজাতিক বাহিনী আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে সেখানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রায় তিন হাজার সৈন্য নিহত হয়েছেন।
এক বছর আগে পাকিস্তানে বিন লাদেনের ডেরায় মার্কিন বাহিনীর সফল অভিযানের বিষয়টিও উঠে আসে ভোরের আগে আগে ওবামার এই বক্তৃতায়।
তিনি বলেন, “আমরা যে কেবল ধীরে ধীরে আল কায়েদাকে আফগানিস্তান থেকে সরিয়ে দিতে সফল হয়েছি- তাই নয়, তাদের নেতৃত্বের কাঠামোও ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি। আর শেষ পর্যন্ত এক বছর আগে ওসামা বিন লাদেনকে বিচারের মুখোমুখী করতে পেরেছি আমরা।”
গত বছর ১ মে পাকিস্তানের ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে লাদেনের গোপন আস্তানায় ‘অতি গোপন’ অভিযান চালায় মার্কিন নেভি সিল সদস্যরা। ওয়াশিংটনে বসে ওই অভিযান সরাসরি প্রত্যক্ষ ও পরিচালনা করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সেই দিনও লাদেনের হত্যাকে তিনি অভিহিত করেছিলেন ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকানদের জন্য ন্যায়বিচার’ হিসাবে।
বাগরাম ঘাঁটি থেকে ওই ভাষণের পরপরই এয়ার ফোর্স ওয়ানে করে আফগানিস্তান ত্যাগ করেন ওবামা। তার ফিরে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে কাবুলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০২০ ঘ.
