ওয়াশিংটন, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর/ডটকম)- বিভিন্ন দেশে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা চালিয়ে জঙ্গি নিধন আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ। এমন কথাই বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ব্রেনান।
প্রকাশ্যে ড্রোন হামলার স্বপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে ব্রেনান বলেন, যুদ্ধক্ষেত্রের বাইরে শত্র“ মোকাবেলায় দূরনিয়ন্ত্রিত বিমান ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে কোনো বাধা-নিষেধ নেই। অন্তত সংশ্লিষ্ট দেশটি এ হামলায় রাজি থাকলে বা হুমকি মোকাবেলায় অপারগ কিংবা অনিচ্ছুক থাকলে এ ধরনের হামলা বৈধ।
আন্তর্জাতিক আইনের ব্যাপারে বলতে গেলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পাল্টা ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্র আল কায়েদার সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িত। এ লড়াইয়ে জাতীয় প্রতিরক্ষার অধিকারের সঙ্গে সঙ্গতি রেখেই আমরা শক্তি
প্রয়োগ করতে পারি, বলেন ব্রেনান।
তিনি বলেন, শত্র“র হুমকি মোকাবেলায় লক্ষ্যস্থল স্থির করে চালানো এসব হামলা বৈধ। ওয়াশিংটনে উইড্রো উইলসন আন্তর্জাতিক সেন্টারে দেওয়া এক ভাষণে কথাগুলো বলেন ব্রেনান।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার এক বছর পূর্তির আগে দিয়ে জন ব্রেনানের এ বক্তব্য উল্লেখযোগ্য। কারণ, ড্রোন কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন প্রকাশ্য মন্তব্য বিরল ঘটনা। এ কর্মসূচিকে বছরের পর বছর ধরে সিআইএ’র গোপন অভিযান হিসাবেই দেখা হয়ে আসছে।
ওয়াশিংটন এ অভিযানকে বৈধ বললেও ড্রোন হামলার কারণে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তারপরও এ হামলা থামায়নি যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৮ঘ.
bdnews24