ওয়াশিংটন/বেইজিং, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী চেন গুয়াংচেংয়ের নাটকীয় ঘটনা নিয়ে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনার মধ্যে সোমবার বেইজিং সফরে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
চেনের গৃহবন্দিত্ব থেকে পলায়ন এবং বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয়ের ঘটনায় পরীক্ষার মুখে পড়েছে বেইজিং-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক। হিলারির সফরে চেনের এ ঘটনা কালো ছায়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
চেন চীনে থেকেই তার সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি জানাবেন বলে জানিয়েছেন তার এক সহকারী।
এক সাক্ষাৎকারে সহকারী গুয়ো জানান, তিনি (চেন) কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না চাওয়ার ব্যাপারে অটল। চীনে থেকেই তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চান।
বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে চেনের এ দাবি।
ফলে দু’ দেশের সরকারের জন্যই সম্পর্কে বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াবে বিষয়টি।
কোনো সরকারই চেনের বিষয়টি নিয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেনি এমনকি তিনি বেইজিং এর মার্কিন দূতাবাসে আছেন কিনা সে খবরও নিশ্চিত করেনি।
গত সপ্তাহে শানডং প্রদেশের ডংশিগু শহরে নিজ বাড়ি থেকে পালিয়ে যান দৃষ্টিশক্তিহীন চেন গুয়াংচেং। পরে ইউটিউবে পাঠানো এক ভিডিওতে এ খবর জানান তিনি।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের কাছে গৃহবন্দি থাকা অবস্থায় নিজ পরিবারের সদস্যদের নির্যাতিত হওয়ার ঘটনার তদন্ত করারও দাবি জানান চেন।
২০১০ সালের সেপ্টেম্বরে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। ১৯ মাস গৃহবন্দী থাকার পর চেন এমন এক সময়ে পালালেন যখন দুই দেশের কূটনীতিকরা অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৯ঘ
bdnews24