২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুচির সঙ্গে বান কি মুনের বৈঠক

মিয়ানমার সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। সুচি মিয়ানমারের পার্লামেন্টে যোগ দেবেন বলে ঘোষণা দেওয়ার একদিন পরই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। সুচি মিয়ানমারের পার্লামেন্টে যোগ দেবেন বলে ঘোষণা দেওয়ার একদিন পরই এই বৈঠক অনুষ্ঠিত হলো। জাতিসংঘ মহাসচিব আরো গণতান্ত্রিক সংস্কারকে উৎসাহিত করতে তিনদিনের সফরে মিয়ানমার যান। প্রথম বিদেশি অতিথি হিসেবে সোমবার দেশটির পার্লামেন্টে তিনি ভাষণও দেন বলে বিবিসি জানায়। জাতিসংঘ মহাসচিব ইয়াঙ্গুনে সুচির বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। মুন জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর সফর করার জন্য তিনি আমন্ত্রণ জানালে সুচি তা গ্রহণ করেন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, পার্লামেন্টে যোগ দিতে সুচি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে তিনি স্বাগত জানান। গণতন্ত্রের স্বার্থে তার এই সমঝোতার মনোভাবকে তিনি শ্রদ্ধা করেন। দীর্ঘ কারাভোগের পর মুক্তি পাওয়া দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সুচি গত ১ এপ্রিল পার্লামেন্টের উপনির্বাচনে জয়ী হন। তার দল এনএলডির আরো ৪২ সদস্য জয়ী হয়েছেন। কিন্তু সামরিক সরকার প্রণীত সংবিধান ‘রক্ষা’ করার শপথ নিতে তিনি অস্বীকৃতি জানান। এর পরিবর্তে সংবিধানকে ‘সম্মান’ জানানোর বিষয়টি অন্তর্ভুক্তির দাবি তোলেন। অবশেষে বান কি মুনের সফর চলাকালে পূর্বের অবস্থান থেকে সরে আসেন সুচি। সরকারের সঙ্গে বিরোধকে পাশে রেখে পার্লামেন্টে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। এ প্রসঙ্গে সুচি বলেন, “জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে এবং গণতান্ত্রিক দলগুলো ও স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যদের অনুরোধ বিবেচনা করে আমরা পার্লামেন্টে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।” আশা করা হচ্ছে বুধবার তারা পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এরআগে মিয়ানমার পার্লামেন্টে দেওয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন ও বিরোধী দলের নেত্রী অং সান সুচিকে পরিবর্তনের পথে অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানান। মিয়ানমার পার্লামেন্টে দেওয়া ওই ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, এ পথটি পিছনে ফিরে যাওয়ার জন্য খুবই সরু। সফরে সোমবার বান কি মুন দেশটির প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গেও বৈঠক করেছেন। বান কি মুন ২০০৯ সালে তৎকালীন সামরিক শাসক গেন থোয়া শে’র আমন্ত্রণে মিয়ানমার সফর করেছিলেন। তবে সেসময় গৃহবন্দী থাকা সুচি’র সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেওয়া হয় নি। ওই সফরের ১৫ মাস পরেই সুচির গৃহবন্দিত্বের অবসান হয়। এরপর রাজবন্দিদের মুক্তিসহ অর্থনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে একের পর এক সংস্কার কর্মসূচি নিয়েছে একবছর আগে শাসনক্ষমতায় যাওয়া দেশটির সংস্কারবাদী সরকার। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের বরফও গলতে শুরু করেছে। মিয়ানমারের এ গণতান্ত্রিক অগ্রযাত্রা উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বান। তবে তিনি বলেন, এটুকুই যথেষ্ট নয়। তবে মিয়ানমারের ওপর আরোপিত আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নিতে চেষ্টা চালাবেন বলেও সফরকালে আশ্বস্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৫ ঘ.