২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ আন্দোলনকর্মী খাজার পুনর্বিচার করছে বাহরাইন

বাহরাইনে সামরিক আদালতে সাজাপ্রাপ্ত শীর্ষ সরকারবিরোধী আন্দোলন কর্মী আব্দুলহাদি আল খাজাসহ আরো ২০ জনের পুনর্বিচারের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

বাহরাইন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বাহরাইনে সামরিক আদালতে সাজাপ্রাপ্ত শীর্ষ সরকারবিরোধী আন্দোলন কর্মী আব্দুলহাদি আল খাজাসহ আরো ২০ জনের পুনর্বিচারের আদেশ দিয়েছে আদালত। তবে পুনর্বিচারে রায় না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবে বলে জানানো হয়েছে আদেশে। ২০১১ সালে শিয়া মুসলিমরা বাহরাইনের সুন্নি বাদশাহর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। সরকারবিরোধী এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন খাজা। এ কারণে তাকেসহ আরো ২০ জনকে কারাবন্দি করে সরকার। এরপর সামরিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন খাজা। জেলে খাজার দীর্ঘ অনশন এবং আন্তর্জাতিক চাপে বাহরাইন শেষ পর্যন্ত তাকেসহ তার অনুসারীদের বিচার বেসামরিক আদালতে নতুন করে শুরুর সিদ্ধান্ত নিল। খাজা দুই মাসের বেশি সময় ধরে কারাগারে অনশন করে আসছেন এবং বর্তমানে তিনি মৃত্যুমুখে বলে জানিয়েছে তার পরিবার। বাহরাইনের সরকারি সংবাদ সংস্থা বিএনএ সোমবার জানায়, “আদলাত খাজার মামলা পুনর্বিচারের আদেশ দিয়েছে। এছাড়া মামলা নতুন করে শুরু করার জন্য বাদী বিবাদী পক্ষের সাক্ষ্য-প্রমাণও পুনরায় উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।” বিবাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আল-জিশি জানান, বন্দিদের বিনা শর্তে মুক্তি দেয়া উচিত বলে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি জানালেও বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারেই বন্দি থাকবে তারা। এর আগে বাহরাইনকে মানুষের মৌলিক অধিকারকে শ্রদ্ধা জানিয়ে মানবাধিকার রক্ষা করে চলার জন্য আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। কারাগারে আটক শিয়া আন্দোলনকর্মী আব্দুলহাদি আল-খাজার ১০ সপ্তাহের অনশন নিয়ে উদ্বেগও প্রকাশ করেন বান। বাহরাইনে ‘সেন্টার ফর হিউম্যান রাইটস’ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে খাজা আন্তর্জাতিক মহলে সুনাম কুড়িয়েছেন। তারঅনশন কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে ২৪ এপ্রিল জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে মানবিক পরিস্থিতি বিবেচনায় এ বিষয়টি নিষ্পত্তি করার জন্য বাহরাইন কর্তৃপক্ষকে নতুন করে অনুরোধ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “সব ধরনের বন্দিসহ বাহরাইনের জনগণের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।” বাহরাইনে গত বছর সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিদ্রোহ দমন করতে বাহরাইন সরকার সামরিক আইন জারি করার পাশাপাশি সৌদি সেনা মাঠে নামালেও প্রতিনিয়তই চলছে সরকারবিরোধী মিছিল সমাবেশ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ। সহিংস পন্থায় বিক্ষোভ দমনাভিযান এবং সংস্কারের ক্ষেত্রে ধীরগতির জন্য বিদেশি সরকার, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমালোচনার মুখে পড়েছে বাহরাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১১ঘ.