২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশ

গত কয়েক দশকের মধ্যে মালয়েশিয়ার অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে বিক্ষোভরত জনতার ওপর কাঁদুনে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে দেশটির দাঙ্গা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক দশকের মধ্যে মালয়েশিয়ার অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে বিক্ষোভরত জনতার ওপর কাঁদুনে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে দেশটির দাঙ্গা পুলিশ। নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবিতে শনিবার ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এ সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয় বলে জানিয়েছে বিবিসি। বিক্ষোভকারীরা মনে করে, দেশে বিরাজমান নির্বাচন পদ্ধতির ইলেক্টরিয়াল ভোট প্রথায় বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোট সরকার লাভবান হবে। তাই ইলেক্টরিয়াল প্রথার অবসান দাবি করে তারা। এ বিক্ষোভকে গত কয়েক দশকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিক্ষোভ সমাবেশে অন্তত ২৫ হাজার মানুষ উপস্থিত ছিল বলে স্বীকার করেছেন পুলিশের এক মুখপাত্র। তবে মালয়েশিয়ান কিছু সংবাদ সংস্থার মতে সমাবেশে উপস্থিত মানুষের সংখ্যা ৮০ হাজারের মতো। প্রতিবাদ সমাবেশের কারণে কুয়ালালামপুরের ঐতিহাসিক স্বাধীনতা (মারদেকা) চত্বর ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে ঘিরে রাখে পুলিশ। বিক্ষোভকারীরা এসব ব্যারিকেড ভেঙ্গে বেরিয়ে এলে তাদের লক্ষ করে কাঁদুনে গ্যাস ছুঁড়তে থাকে পুলিশ। এ সময় অন্তত ২০ জনকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থিত ‘বেরসিহ’ নামের একটি সংস্কারবাদী গোষ্ঠী প্রতিবাদ সমাবেশটির আয়োজন করে। কুয়লালামপুরের স্বাধীনতা চত্বরটি ব্যবহারের কোনো অধিকার এই গোষ্ঠীটির নেই বলে দাবি করেছে পুলিশ। চলতি মাসে মালয়েশিয়ার পার্লামেন্ট পরপর বেশ কয়েকটি ইলেক্টরিয়াল প্রথা সংস্কার সুপারিশ অনুমোদন করে। কিন্তু আন্দোলনকারীরা দাবি করছে, পার্লামেন্টের এসব সংস্কার ইলেক্টরিয়াল প্রথার মূল ধাপ্পাবাজি বন্ধে কোন ভূমিকা রাখবে না। আন্দোলনকারীদের অভিযোগ, এই ইলোক্টরিয়াল প্রথার ‘ধাপ্পাবাজির’ ওপর নির্ভর করেই স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন দেশটির ক্ষমতা ‘কুক্ষিগত’ করে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৫৬ ঘ.