২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওকিনাওয়া থেকে সেনা সরানো নিয়ে জাপান-যুক্তরাষ্ট্র চুক্তি

ওকিনাওয়া দ্বীপ থেকে কয়েক হাজার মার্কিন মেরিন সেনা সরানো নিয়ে চুক্তিতে পৌঁছেছে জাপান-যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

জাপান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওকিনাওয়া দ্বীপ থেকে কয়েক হাজার মার্কিন মেরিন সেনা সরানো নিয়ে চুক্তিতে পৌঁছেছে জাপান-যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ওকিনাওয়ার স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের আপত্তির মুখে শেষ পর্যন্ত দ্বীপটি থেকে কিছু সেনা সরাতে একমত হল উভয়পক্ষ। ওয়াশিংটন ও জাপান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ওকিনাওয়ায় অবস্থানরত মার্কিন মেরিন সেনাদের মধ্য থেকে ৯ হাজার সেনাকে গুয়াম এবং এশিয়া প্রশান্ত মহাসাগরের অন্যান্য অঞ্চলে মোতায়েন করা হবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায় ৫ হাজার সেনাকে গুয়ামে এবং বাকি সেনাদের হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মতো জায়গায় মোতায়েন করা হবে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তে দু’দেশের মধ্যে এ চুক্তি হল। কিন্তু চুক্তি অনুযায়ী ওকিনাওয়া থেকে ৯ হাজার সেনা সরানোর পরও সেখানে রয়ে যাবে ১০ হাজার মার্কিন সেনা। তাছাড়া, ওকিনাওয়ার ফুতেনমা বিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি নিয়েও দুপক্ষ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তবে ওকিনাওয়া থেকে কিছু সেনা সরানো নিয়ে নতুন চুক্তির ফলে আগামী দিনগুলোতে ফুতেনমা বিমান ঘাঁটি স্থানান্তরের ব্যাপারেও দু’দেশের একযোগে কাজ করে যাওয়া এবং একটি সমাধানে পৌঁছানোর আশা জেগে উঠেছে। ফুতেনমা বিমানঘাঁটি সরানো নিয়ে ২০০৬ সালে জাপান ও যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছালেও টোকিও বিমানঘাঁটির জন্য বিকল্প জায়গা দেওয়ার শর্ত পূরণ করতে না পারায় চুক্তিটি বাস্তবায়িত হয়নি। তবে সর্বশেষ বিবৃতিতে জাপান বলেছে, তারা এখনো ২০০৬ সালের ওই চুক্তি অনুযায়ী ফুতেনমা ঘাঁটি ক্যাম্প শোয়াবে স্থানান্তর করতে রাজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২০ঘ.