ইসলামাবাদ, এপ্রিল ২৫ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পর এবার পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
শাহীন ওয়ান-এ নামের এ ক্ষেপণাস্ত্র ভারতের বিভিন্ন অংশে আঘাত হানতে সক্ষম। তবে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা এর পাল্লা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি।
বুধবার সকালে পরীক্ষামূলক ঊৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ভারত মহাসাগারের একটি লক্ষ্যে সফলভাবে আঘাত হানে।
সপ্তাহখানেক আগে ভারত তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালায়, যা বেইজিং ও পূর্ব ইউরোপে আঘাত হানতে সক্ষম।
১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে এ দুটি প্রতিবেশী দেশ তিনবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে। দুই দেশই পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।
১৯৯৮ সালে ভারত দ্বিতীয়বারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর অল্প কিছুদিনের মধ্যে পকিস্তানও একই পরীক্ষা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৫৭ ঘ.
bdnews24