জাতিসংঘ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের অগ্রযাত্রায় উৎসাহ যোগাতে দেশটি সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের আমন্ত্রণে এ সপ্তাহ শেষেই বান মিয়ানমার যাবেন বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন।
“মিয়ানমার সফরের জন্য প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের আমন্ত্রণ গ্রহণ করেছি আমি। চলতি সপ্তাহ শেষে আমি সেখানে যাব,” বলেন বান।
তিনি আরো বলেন “গত দেড় বছর ধরে আশাব্যাঞ্জক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার প্রত্যক্ষ করেছি আমরা। এর মধ্যে সদ্য হয়ে যাওয়া উপনির্বাচন উল্লেখযোগ্য অগ্রগতি। আমারা দেখছি মিয়নামার বিশ্বের সামনে আবারও নিজেকে মেলে ধরছে।”
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহ শেষে বান মিয়ানমার সফরে গিয়ে সেখানে কয়েকদিন থাকবেন।
মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের সিদ্ধান্তকে বান স্বাগত জানিয়েছেন।
তবে “মিয়ানমারের নতুন পথ চলা এখনও খুব মসৃণ নয়” বলেও সতর্ক করেছে তিনি।
পার্লামেন্টের শপথ বাক্যের ভাষা নিয়ে নবনির্বাচিত পার্লামেন্ট সদস্য মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে দেশটির সামরিক বাহিনী সমর্থিত সরকারের বিতর্ক চলছে।
পশথ বাক্যে “সংবিধানের রক্ষক” শব্দবন্ধে আপত্তি জানিয়ে তার জায়গায় “সংবিধানের প্রতি শ্রদ্ধা” শব্দবন্ধ সংযোজনের দাবি জানিয়েছে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমক্র্যাসি (এনএলডি)।
ক্ষমতাসীন সরকার সোমবার ওই দাবি প্রত্যাখান করে। উপনির্বাচনে জয়লাভের পর এনএলডি এই প্রথম সরকারের সঙ্গে বিতর্কে জড়াল।
তা সত্বেও সোমবার ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর থেকে এক বছরের জন্য আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
শপথ বাক্যের বিতর্ক নিয়ে প্রশ্নের উত্তরে বান বলেন, তিনি আশা করেন মিয়ানমার সরকার ও বিরোধীদল সম্মিলিতভাবে বিষয়টি সমাধান করতে সক্ষম হবে।
অতীতে আরো দুইবার মিয়ানমার সফর করেন বান কি মুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১১১৯ঘ.
bdnews24