২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে জানিয়েই হত্যাযজ্ঞ চালান ব্রেইভিক

নরওয়েতে বোমা হামলা ও গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যার নায়ক আন্দ্রে বেরিং ব্রেইভিক আগেভাগে পুলিশকে জানিয়েই ওই হত্যাকাণ্ড চালিয়েছিলেন। অসলোর আদালতে সোমবার একথাই জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নরওয়ে, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নরওয়েতে বোমা হামলা ও গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যার নায়ক আন্দ্রে বেরিং ব্রেইভিক আগেভাগে পুলিশকে জানিয়েই ওই হত্যাকাণ্ড চালিয়েছিলেন। অসলোর আদালতে সোমবার একথাই জানিয়েছেন তিনি। ব্রেইভিক বলেন, ধরা দেওয়ার জন্য আগেই পুলিশকে ফোন করেছিলেন তিনি। কিন্তু পুলিশ চটজলদি সাড়া না দেওয়ায় তিনি হত্যাযজ্ঞ চালানোর সিদ্ধান্ত নেন এবং ‘না মরা’ পর্যন্ত খুন করে যাবেন বলে স্থির করেন। বিবিসি জানায়, যত বেশি সম্ভব মানুষ মারাই তার পরিকল্পনা ছিল। তবে উটোইয়া দ্বীপের হামলায় ১৬ বছরের কম বয়সীদের না মারারই চেষ্টা করেছিলেন তিনি। অসলোয় এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করেছেন ব্রেইভিক। তবে একে অপরাধ বলে স্বীকার করেননি তিনি। বড় ধরনের বর্বরতা ঠেকাতে ছোট্ট এই বর্বর কাণ্ড ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন ব্রেইভিক। বিচারে ব্রেইভিক মানসিকভাবে সুস্থ কিনা সে রায় দেবে আদালত। গত বছর ২২ জুলাইয়ে রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা হামলা এবং উটোইয়া দ্বীপে লেবার পার্টির যুব সম্মেলনে গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক। হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়ার জন্য ওই হামলা চালিয়েছেন। ওই সব ষড়যন্ত্রকারী যাদের অভিবাসনপন্থি নীতি নরওয়েবাসীদেরকে ভ্যবিচারী করে তুলছে। হামলার পর পরই ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে তাকে মানসিকভাবে অসুস্থ বলে রায় দেয়া হয়। তবে চলতি বছর আরেক দফা বিশেষজ্ঞ দিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাকে সুস্থ বলা হয়। আদালতে পাঁচজন বিচারক নিয়ে গঠিত প্যানেল এখন এ দ্বন্দ্বের সমাধান করবে। বিচারকরা ব্রেইভিককে সুস্থ মনে করলে তাকে ২১ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। এমনকি ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে মনে হলে তাকে অনির্দিষ্টকাল বন্দিও থাকতে হতে পারে। আর যদি ব্রেইভিককে মাসনিকভাবে অসুস্থ মনে করে বিচারক প্যানেল, তাহলে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হবে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৫৪ঘ.