সিরিয়া, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামা শহরে সোমবার নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণ এবং অধিবাসীদের ওপর চালানো গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।
হামার মাসা আল আরবিনে এ হামলায় আহত হয়েছে আরো বেশ কিছু সংখ্যক মানুষ। জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষকরা এলাকাটি পরিদর্শনের পরদিনই সেখানে এ রক্তক্ষয়ী হামলা চালালো সিরিয়ার সরকারি বাহিনী।
স্থানীয় এক অধিবাসী ফোনে রয়টার্সকে বলেন, “সকালেই ট্যাংক নিয়ে গোলা হামলা শুরু করে সামরিক বাহিনী। গোলার আঘাতে জ্বলেপুড়ে ছারখার হয়ে যায় বাড়িঘর। এরপর সেনারা এলাকায় প্রবেশ করে রাস্তায় রাস্তায় লোকজনকে গুলি করে হত্যা করে।”
এতে অন্তত ২০ জন নিহত হয়। আহত হয় ৬০ জন। তাছাড়া, বাড়িঘরের ধ্বংসস্তুপের নীচে আরো মানুষ চাপা পড়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ হামলার ব্যাপারে সিরিয়া কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিরিয়া সরকার জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের শান্তি প্রস্তাবের আওতায় যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্র“তি দিলেও ‘সন্ত্রাসী গ্র“পগুলোর’ হামলা প্রতিহত করার অধিকার আছে দাবি করে হামলা চালিয়ে যাচ্ছে।
রোববারও সিরিয়াজুড়ে নিরাপত্তা বাহিনীর হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিরোধী আন্দোলনকর্মীরা। এর মধ্যে হোমসের আশেপাশে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৬ জন।
বিবিসি’র খবরে বলা হয়েছে, ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ইতোমধ্যেই সিরিয়ায় নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষিদ্ধ করা হয়েছে বিলাসবহুল পণ্য রপ্তানি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, দামেস্ক কফি আনান প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত পুরোপুরি মেনে চলছে না।
আনান রোববার সিরিয়ায় ৩শ পর্যবেক্ষক পাঠানোর জাতিসংঘের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সিরিয়ায় অত্যন্ত প্রয়োজনীয় রাজনৈতিক প্রক্রিয়া শুরুর পরিবেশ তৈরিতে এ মিশন সহায়ক হওয়া বাঞ্ছনীয়।
আর সিরিয়া সরকারেরও সহিংসতা বন্ধ করা বিশেষত ভারী অস্ত্রের ব্যবহার বন্ধ করাসহ বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করে শান্তি পরিকল্পনা পুরেপুরি মেনে চলা উচিত বলে আনান মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৭ঘ.
bdnews24