ওয়াশিংটন, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের একটি কোম্পানি উত্তর কোরিয়ার কাছে ক্ষেপণাস্ত্র পরিবহন সরঞ্জাম বিক্রি করছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়া সা¤প্রতিক একটি সামরিক প্যারেডে ওই ক্ষেপণাস্ত্র পরিবহণটি প্রদর্শন করেছে। আর চীনা ফার্ম এরই উপকরণ বিক্রি করেছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্রের।
ফলে এ ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরো কঠোরভাবে মেনে চলার জন্য যুক্তরাষ্ট্র চীনকে চাপ দেবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
ওবামা প্রশাসনের ধারণা, চীনা কোম্পানিটি ক্ষেপণাস্ত্র পরিবহী যান নয় বরং কেবল এর কাঠামোটি বিক্রি করেছে।
তাছাড়া, উদ্দেশ্যপূর্ণ ভাবে জাতিসংঘ নিষেধাজ্ঞা অমান্য করা নয় বেসামরিক উদ্দেশ্যেই কোম্পানিটি তা করেছে বলে মনে করা হচ্ছে বলে জানান এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা।
কিন্তু উত্তর কোরিয়ার রকেট পরীক্ষায় ব্যর্থতা নিয়ে উত্তেজনার মধ্যে দেশটিতে চীনের ক্ষেপণাস্ত্র-সংশ্লিষ্ট উপকরণ বিক্রির এ বিষয়টি সামনে চলে আসায় উদ্বিগ্ন ওয়াশিংটন। বিশেষ করে উত্তর কোরিয়ার কাছে অস্ত্রবিক্রি নিষেধাজ্ঞা মেনে চলতে চীন যথেষ্ট সচেষ্ট কী না তা নিয়েই এ উদ্বেগ।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ প্রথম এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্পে সাজসরঞ্জাম পাওয়ার উৎসের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এ সন্দেহ সম্পর্কে জানিয়েছে। পত্রিকাটি জানায়, চীনের হুবেই সানজিয়াং কোম্পানি এই সরঞ্জাম বিক্রির সঙ্গে জড়িত বলে ধারণা করছে মার্কিন প্রশাসন।
এর আগে ‘বাণিজ্য ও প্রযুক্তি বিনিময়ে’র মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীন সহায়তা করছে কিনা জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা বলেছিলেন, “চীন যে কিছু সাহায্য করেছে সে বিষয়ে আমি নিশ্চিত। তবে সহায়তার সঠিক মাত্রা আমি জানি না।”
উত্তর কোরিয়াকে চীনের সহযোগিতার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, “উত্তর কোরিয়ার দূরপাল্ল¬ার ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ ও পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন যে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এ কারণেই উত্তর কোরিয়া এবং তাদের কর্মকাণ্ডকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি আমরা।”
২০০৬-২০০৯ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক কর্মকাণ্ড ও সেদেশে ভারি অস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীনসহ বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বেইজিং এ আইন ভঙ্গের কথা অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৮ঘ.
bdnews24