২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন রোববার

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ প্রচারণার দিন শুক্রবার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নিকোলা সারকোজি ও ফ্রাঁসোয়া হোল্যান্দ তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য শেষ মূহুর্ত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ প্রচারণার দিন শুক্রবার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নিকোলা সারকোজি ও ফ্রাঁসোয়া হোল্যান্দ তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য শেষ মূহুর্ত পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী ভোটের আগের দিন শনিবার আর কোনো প্রচারণা চালানো যাবে না। শুক্রবার ফ্রান্সের সময় রাত ১০টায় নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়। রোববার অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। ২০০৭ সালের নির্বাচনে জয়ী বর্তমান প্রেসিডেন্ট সারকোজি “শক্তিশালী ফ্রান্স” পেতে চাইলে তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় নিজ সমর্থকদের “সরব” থাকারও আহ্বান জানান তিনি। সারকোজির প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দলের প্রার্থী শেষ নির্বাচনী সমাবেশে বলেন, “ফ্রান্সকে পরিচালনার জন্য বামদেরই বেছে নেবে জনগণ।” প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ১০ জন। যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পায় তাহলে দ্বিতীয় পর্বের ভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার ফ্রান্সের দক্ষিণ-র্প্বূাঞ্চলীয় নিস শহরে শেষ নির্বাচনী সমাবেশে সারকোজি বলেন, “সরব হোন। নিশ্চুপ হয়ে থাকবেন না। রোববার ভোট দিতে আসুন।” “আপনার ব্যালট পেপার নিয়ে আসবেন। কারণ ব্যালট পেপারের মাধ্যমেই আমাদের জয় নির্ধারিত হবে। শুধু ফরাসি জনতাই বলতে পারবে, “শক্তিশালী ফ্রান্সের জন্যই আমরা ভোট দিয়েছি।” বেকারত্বের কারণে ধুঁকতে থাকা ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিল্প এলাকায় শেষ প্রচারণা চালিয়েছেন হোল্যান্দ। এখানকার শার্লিভেল- মেজিরেস শহরে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেছেন, “এর আগের নির্বাচনে এই এলাকার ভোটাররা সারকোজির ওপর আস্থা রেখেছিলো, এখানে এসে তিনি শিল্পকারখানা, কাজ, কর্মজীবী ইত্যাদি বিষয় নিয়ে নানা কথা বলেছিলেন। কিন্তু এখন প্রত্যেকেই তার ব্যাপারে হতাশ।” “এখন ফ্রান্সের পরিচালনার জন্য বাম দিকে মোড় ফেরার সময় হয়েছে,” বলেন তিনি। প্রচারাভিযানে অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উভয় প্রার্থী সুষম বাজেট করার অঙ্গীকার করলেও প্রবৃদ্ধির ওপর জোর দিয়েছেন হোল্যান্দ। জনমত জরিপে দেখা গেছে, প্রধান দুই প্রার্থীর জোরালো প্রচারণা সত্বেও নির্বাচনে সমাজতান্ত্রিক প্রার্থী হোল্যান্দ জয়ী হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫২ ঘ.