ওয়াশিংটন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী মিট রমনি প্রতিযোগিতায় ডেমোক্রাট বারাক ওবামার প্রায় কাছাকাছি অবস্থান করলেও তহবিল সংগ্রহের ক্ষেত্রে এখনও অনেক পেছনেই রয়ে গেছেন। আর শুক্রবার এমন তথ্যই দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
মার্চ মাসে রিপাবলিকান রমনি প্রায় ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছেন। এছাড়া মনোনয়ন পাওয়ার জন্য প্রায় এক কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যাংকে রেখেছেন তিনি। তবে চলতি বছর ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ওবামাকে পরাজিত করার ব্যয়বহুল লড়াইয়ে রমনিকে আরো তহবিল গঠনের দিকে নজর দিতে হবে।
এদিকে ওবামার প্রচারাভিযান শিবির মার্চে ৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে। মাস শেষে ব্যাংকে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
চূড়ান্ত লড়াইয়ে টেলিভিশন ও রেডিওর স¤প্রচার সময় কেনার জন্য যত সম্ভব অর্থ সংগ্রহের দিকে নজর ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের। ভোট পাওয়ার প্রচেষ্টা হিসেবে উভয় দলই ১শ’ কোটি মার্কিন ডলার সংগ্রহের টার্গেট নির্ধারণ করেছে।
রিপাবলিকান দলের ‘পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (পিএসি) মার্চ মাস থেকেই রমনির তহবিল গঠনে কাজ করলেও চলতি মাস থেকে কাজ করবে ‘রিপাবলিকান ন্যাশনাল কমিটি’(পিএনসি)। এ দিক থেকে অনেক এগিয়ে ওবামা। গত বছর থেকে তহবিল সংগ্রহে ওবামার সঙ্গে কাজ করছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০৫ ঘ.
bdnews24