জেনেভা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় হত্যা ও সহিংসতা বন্ধে জাতিসংঘের যত তাড়াতাড়ি সম্ভব ৩শ’ যুদ্ধবিরতি পর্যবেক্ষক পাঠানো উচিত। জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের মুখপাত্র শুক্রবার একথা বলেছেন।
যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে ইতোমধ্যেই সিরিয়া গেছেন জাতিসংঘের ৭ পর্যবেক্ষক। সোমবার আরো দুই পর্যবেক্ষক এবং এরপরের কয়েকসপ্তাহে পুরো ৩০ জনের অগ্রবর্তী দল সিরিয়ায় চলে যাওয়ার কথা রয়েছে- জানান মুখপাত্র আহমেদ ফৌজি।
তবে সিরিয়ায় আরো ৩শ পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি চলছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী ২/৩ দিনের মধ্যে তাদেরকে সিরিয়া যাওয়ার অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন ফৌজি।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। কারণ, আগে বা পরে যখনই হোক তা হতেই হবে।”
“আমরা সবাই যা জানি তাতে মাঠ পর্যায়ে পরিস্থিতি ভালো না। যুদ্ধবিরতি খুবই নাজুক। প্রতিদিন মানুষ হতাহত হওয়াসহ নানা ঘটনা ঘটছে। চলমান হত্যা, সহিংসতা বন্ধ করতে আমাদেরকে সবকিছুই করতে হবে,” বলেন ফৌজি।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার সিরিয়া বিষয়ক প্রতিবেদনে জানান, সিরিয়া সরকার আনানের শান্তি পরিকল্পনা মেনে বিভিন্ন শহর থেকে সেনা ও অস্ত্র পুরোপুরি প্রত্যাহার করেনি। ফলে সেখানকার সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতি বিবেচনায় বান পর্যবেক্ষক দলের সদস্যসংখ্যা ৩শ করার প্রস্তাব দেন।
ফৌজি বলেছেন, জাতিসংঘের সব শান্তিরক্ষা কার্যক্রমের মতো পর্যবেক্ষকদেরও ঝুঁকিপূর্ণ এ কাজের জন্য যানবাহন, যোগাযোগের যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য সহায়তা প্রয়োজন।
“জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার মাঠ পর্যায়ে ৩শ পর্যবেক্ষক নামানোর অনুমতি দিয়ে প্রস্তাব পাশ করা মাত্রই আমরা যত তাড়তাড়ি সম্ভব তাদের পাঠিয়ে দেব,” বলেন তিনি।
এর আগে সিরিয়ায় শ’শ’ পর্যবেক্ষককে যুদ্ধবিরতি তদারক করতে দেওয়ার শর্তাবলী নিয়ে বৃহস্পতিবার প্রাথমিক চুক্তিতে পৌঁছায় দামেস্ক-জাতিসংঘ।
আনানের মুখপাত্র বলেন, পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম এবং সিরিয়া সরকারের দায়দায়িত্বের বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। তবে সিরিয়া এ চুক্তি কতটুকু মানবে তা নিয়ে সংশয় আছে।
সরিয়ার পরিস্থিতি ‘এখনও অত্যন্ত আশঙ্কাজনক’ বলে মন্তব্য করেছেন বান কি মুন। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের লবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
“সিরিয়া সরকার সব ধরনের সহিংসতা বন্ধ করার প্রতিশ্র“তি দিলেও আমরা গুরুতর সমস্যা চলছে বলে প্রমাণ পাচ্ছি,” বলেন জাতিসংঘ মহাসচিব।
গত কিছুদিনে পাওয়া প্রতিবেদনে নুতন সহিংসতা ছড়িয়ে পড়ার কথা জানা গেছে, এর মধ্যে বেসামরিক এলাকায় গোলা বর্ষণ, সরকারী বাহিনীর ভয়াবহ কার্যকলাপ ও সশস্ত্র গোষ্ঠিগুলোর হামলার কথাও আছে।
সিরিয়া সরকার যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে দেশটির ওপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞাসহ অন্যান্য আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ওদিকে, সিরিয়ায় গৃহযুদ্ধ এড়াতে আনানের শান্তি পরিকল্পনাই একমাত্র ভরসা বলে বৃহস্পতিবার প্যারিসের বৈঠকে একমত প্রকাশ করেছেন সিরিয়ার পশ্চিমা ও আরব মিত্রদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩৯ঘ.
bdnews24