ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়াবহ খরাপীড়িত মহাদেশ আফ্রিকার ভূগর্ভস্থ জলাধারগুলোতে বিশ্বের সবচেয়ে বেশি সুপেয় পানি সঞ্চিত আছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, ভূগর্ভস্থ ওইসব জলাধারে ভূপৃষ্ঠে প্রাপ্ত সুপেয় পানির পরিমাণ থেকে ১শ’ গুণ বেশি পানি আছে।
এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার সাময়িকিতে প্রকাশিত এক নিবন্ধে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন (ইউসিএল) ও যুক্তরাজ্যের জিওলজিক্যাল সার্ভে (বিজিএস)’র গবেষকরা এ দাবি করেছেন বলে শুক্রবার বিবিসি অনলাইন জানিয়েছে।
ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে ও তাদের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সেচের জন্য আসছে দশকগুলোতে বিশ্বজুড়ে সুপেয় পানির সঙ্কট আরো গভীর হবে।
এছাড়া, সুপেয় পানির উৎস নদী ও হ্রদগুলো প্রায়ই বন্যা বা খরার শিকার হয়ে মানুষের ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে বা প্রয়োজনীয় সেচের যোগান দিতে ব্যর্থ হয়।
এই প্রথম বিজ্ঞানীরা একটি মহাদেশব্যাপী বিস্তৃত ভূভাগের ভূগর্ভস্থ জলাধারে লুকানো পানির পরিমাণ নিয়ে গবেষণা করতে সক্ষম হয়েছেন। তারা এখন পানির উৎসগুলোর বিস্তারিত মানচিত্র তৈরি করা ও লুকানো এই সম্পদের সম্ভাবনা নিয়ে কাজ করছেন।
বলা হয়, আফ্রিকাজুড়ে প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত।
উত্তর আফ্রিকার লিবিয়া, আলজেরিয়া ও চাদের ভূগর্ভে পাললিক শিলার বিশাল স্তরের মধ্যে সবচেয়ে বড় জলাধারগুলোর অবস্থান বলে জানান প্রকাশিত নিবন্ধের অন্যতম লেখক বিজিএস’র হেলেন বনসর।
তিনি বলেন, “ভূগর্ভস্থ ওই পানির উৎস এখনও আমাদের দৃষ্টির বাইরে, তাই আমাদের মনেরও বাইরে। কিন্তু মানচিত্র তৈরি শেষ হলে উৎসগুলোর সম্ভাবনার বিষয়ে আমাদের দৃষ্টি খুলে যাবে।”
এই গবেষণায় প্রাপ্ত ফলাফল কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে ওই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা গেলে আফ্রিকার খরা ও সুপেয় পানির অভাব চিরতরে দূর হয়ে যাবে বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০২ ঘ.
bdnews24