ওয়াশিংটন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের চার আরোহীর সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানের হেলমান্দ ও নিমরুজ প্রদেশে ন্যাটোর আঞ্চলিক কমান্ড এলাকায় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।
তালেবানের শক্ত ঘাঁটি হেলমান্দে বা এর আশপাশে ঘটনাটি ঘটায় জঙ্গি হামলার ফলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে প্রাথমিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ বলে চিহ্নিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারের চার আরোহীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগনিস্তানে প্রায়ই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটলেও জঙ্গি হামলার কারণে বিধ্বস্ত হওয়ার ঘটনা খুব বেশি নেই বলে জানিয়েছে বিবিসি। গত মার্চে কাবুলে একটি বাড়ির ওপর একটি তুর্কি হেলিকপ্টর বিধ্বস্ত হলে ১২ তুর্কি সেনা ও ২ বেসামরিক ব্যক্তি নিহত হন।
এর আগে জানুয়ারিতে হেলমান্দ প্রদেশে এক হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ছয় সেনা নিহত হয়েছিল।
আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিই ছিল দুর্ঘটনাগুলির কারণ।
আফগান তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ২০০১ সাল থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৩ হাজার বিদেশি সেনা নিহত হয়েছে।
আফগানিস্তান জুড়ে তালেবান ও অন্যান্য জঙ্গিদের বিদ্রোহ অব্যাহত থাকলেও ২০১৪ সালের মধ্যে দেশটি থেকে সব সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত অন্যান্য মিত্র রাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫২ ঘ.
bdnews24