জাতিসংঘ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘আপনার স্বামীকে থামান’- সিরিয়ায় সহিংসতা বন্ধের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের কাছে পাঠানো বার্তায় এভাবেই আর্জি জানিয়েছেন জাতিসংঘ রাষ্ট্রদূতদের স্ত্রীরা।
সিরিয়ার ফার্স্ট লেডি আসমার কাছে মঙ্গলবার অনলাইনে পাঠানো এক ভিডিও বার্তায় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূতদের স্ত্রীরা এ আবেদন জানান।
এতে তারা বলেন, “শান্তির পক্ষে দাঁড়ান, আসমা। কথা বলেন। আপনার জনগণের জন্য কথা বলেন। আপনার স্বামীকে থামান। নীরব দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসুন। আমরা আপনার সক্রিয় ভূমিকা দেখেতে চাই।”
ভিডিওতে জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক আসমার প্রতি সিরিয়ার রক্তপাত বন্ধের দাবি সম্বলিত একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করার জন্য অনলাইন দর্শকদের আহ্বানও জানানো হয়।
পিটিশনের স্বাক্ষর করতে ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট চেঞ্জ ডট অরগ’ ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়।
ভিডিও বার্তাটি তৈরি করেন জাতিসংঘে নিয়োজিত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের স্ত্রী শিইলা লায়াল গ্রান্ট ও জার্মানির রাষ্ট্রদূতের স্ত্রী হুবার্টা ফন ফস-ভিটিগ।
সিরিয়ায় গত এক বছরেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। দেশটিতে গণতন্ত্রের দাবিতে আন্দোলনরতদের ওপর সরকারের দমনীতির কারণে এত বেশি মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৪ঘ.
bdnews24