ইয়াঙ্গুন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী ও নবনির্বাচিত পার্লামেন্ট সদস্য অং সান সু চি ২৪ বছর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন।
শান্তিতে নোবেল জয়ী মু চির ‘দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ (এনএলডি)’র পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, নরওয়ে ও ব্রিটেনের আমন্ত্রণে চলতি বছর জুনে দেশ দুটি সফর করবেন তিনি।
গণতন্ত্রের পথের নতুন যাত্রী মিয়ানমারের এক বছর বয়সী পার্লামেন্টের খালি আসনগুলোতে ১লা এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি আসনে জয়ী হন দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকা এনএলডি নেত্রী সু চি।
এনএলডি’র মুখপাত্র নিয়ান উইন জানান, ব্রিটেনে সফরকালে সু চি অক্সফোর্ডে যাবেন। ১৯৭০ এর দশকে সেখানে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি।
নিয়ান উইন বলেন, “আমি এখনও সফরের নির্দিষ্ট সময় জানি না।”
এছাড়া কোন দেশে সু চি প্রথম সফরে যাবেন তা জানেন না বলেও জানান উইন। তবে তিনি বলেন, সু চি প্রথমে নরওয়ে সফরে যাবেন বলে এর আগে জানিয়েছিলেন।
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি (৬৬) কে ১৯৮৯ সালে প্রথমবারের মতো আটক করা হয়। ২০১০ সালের নভেম্বরে মুক্তির পাওয়ার আগের ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দি ছিলেন সু চি।
মিয়ানমারের সামরিক সরকার তাকে আর দেশে ফিরতে দেবে না এ আশঙ্কায় মুক্ত থাকার সময়টিতেও দেশ ছাড়েননি তিনি।
শুক্রবার মিয়ানমার সফরের সময় সু চিকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সু চি সে সময় এ আমন্ত্রণকে সরাসরি প্রত্যাখ্যান না করে বরং মিয়ানমারের জন্য একে বিশাল অর্জন মনে করে বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।
তিনি বলেন, “দুই বছর আগে আমি এ আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানলেও যেতে পারবো না বলে দুঃখিত বলতাম।”
মিয়ানমারে তখনকার ক্ষমতাসীন জান্তাদের বিরুদ্ধে লড়াইয়ের মানসেই বিদেশ যেতে চাইতেন না সু চি। এমনকি ১৯৯৯ সালে স্বামী মাইকেল এরিসের মৃত্যুর সময়ও সু চি তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়ার প্রস্তাব গ্রহণ করেন নি।
মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নায়ক অং সানের মেয়ে অং সান সুচি। আততায়ীর হাতে বাবার মৃত্যুর পর ১৯৮৮ সালে মৃত্যুপথযাত্রী মায়ের সেবা শুশ্র“ষার জন্য দেশে ফিরে যান।
১৯৯০ সালে সংবিধানের খসড়া প্রণনয়ের জন্য আহ্বান করা গণপরিষদ নির্বাচনে সু চির দল এনএলডি বিশাল জয় লাভ করে। কিন্তু সামরিক জান্তারা নির্বাচনের ফল গ্রাহ্য না করায় প্রায় দু’দশক ধরে দেশটিতে বিরোধী দল এনএলডি ও জান্তাদের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০০ঘ.
bdnews24