ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে হত্যার স্থান থেকে সংগৃহীত মাটি ও রক্ত মাখা ঘাসের নমুনা যুক্তরাজ্যে নিলামে ১০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
এ ছাড়াও গান্ধীর অন্যান্য কিছু স্মৃতিচিহ্নও নিলামে বিক্রি হয়েছে বলে এনডিটিভি জানায়।
গ্লোসেস্টারে তৈরি গান্ধীর চশমা ৩৪ হাজার পাউন্ড এবং তার বিখ্যাত চড়কা ২৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। গান্ধীর চশমাটি লন্ডনে আইন বিষয়ে পড়াকালীন ব্যবহার করতেন বলে ধারণা করা হয়।
গান্ধীর রক্তমাখা মাটি ও ঘাস একটি কাঁচে ঢাকা কাঠের বাক্সে করে নিলামে তোলা হয়।
পশ্চিম ইংল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান মুল্লকস এগুলো বিক্রির জন্য চলতি মাসে প্রথম দিকে নিলামে তোলার ঘোষণা দেয়।
মুল্লকস জানায়, ঐতিহাসিক এসব জিনিসকে প্রকৃত বলে মনে করা হচ্ছে। কারণ ভারতের জাতির জনককে হত্যার পর ঘটনাস্থল থেকে এসব কিছুর সংগ্রহকারী পি পি নামিবিয়ারের একটা চিঠিসহ এগুলো পাওয়া গেছে।
১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বরের তারিখ দেওয়া একটি চিঠিতে নামিবিয়ার বলেন, “আমি ঘাসটা কেটে নেই এবং দুই চিমটি মাটি সংগ্রহ করে পাশে পরে থাকা একটা ভারতীয় সংবাদপত্রের টুকরোয় মুড়িয়ে রাখি।”
রক্তমাখা ওই মাটি তিনি ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি, যেখানে গান্ধী আততায়ীর গুলিতে নিহত হয়ে পড়েছিলেন, সেখান থেকে সংগ্রহ করেন।
নিলামে গান্ধীর সইযুক্ত একটি চিঠি ৫ হাজার পাউন্ডে, তার আধ্যাত্মিক বার্তাযুক্ত একটি ডিস্ক ৬ হাজার ৬শ’ পাউন্ডে এবং টাইপরাইটারে লেখা একটি চিঠি ৩ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
তবে নিলামে এসব জিনিসপত্র ক্রেতাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৫ ঘ.
bdnews24