২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা অস্ট্রেলিয়ার

২০১৪ সালের আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 07:10 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৪ সালের আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সস্টিটিউটে এক বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন বলে মঙ্গলবার বিবিসি জানায়। তিনি বলেন, অস্ট্রেলীয় সেনাদের এবছরই দেশে ফিরিয়ে আনা শুরু হবে এবং ২০১৩ সালের মধ্যেই তাদের বেশিরভাগ দেশে ফিরে আসবে। আগামী ২১ মে শিকাগোতে আফগানিস্তান বিষয়ে ন্যাটোর গুরুত্বপূর্ণ এক সম্মেলনের ঠিক আগেই এ ঘোষণা দিলেন গিলার্ড। এর দুদিন আগে রোববার কাবুলে জঙ্গিদের প্রায় ১৮ ঘণ্টাব্যপী এক হামলায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়। এ হামলার জন্য ন্যাটোর গোয়েন্দা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তবে এর মোকাবেলায় আফগান সেনাদের ভূমিকার প্রশংসা করেন তিনি। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা সরিয়ে নেওয়ার কথা রয়েছে। আফগানিস্তানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু এলাকা ইতিমধ্যে দেশটির সরকারের হাতে হস্তান্তর করা হয়েছে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড অ্যাসিসটেন্স ফোর্সের তথ্যানুযায়ী, বর্তমানে দেশটিতে ন্যাটোর সহযোগী ৫০টি দেশের প্রায় ১ লাখ ৩০ হাজার সেনা রয়েছে। এরমধ্যে অস্ট্রেলীয় সেনা রয়েছে প্রায় দেড় হাজার। তাদের বেশিরভাগই রয়েছে উরুযগান অঞ্চলে। অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে এ পর্যন্ত মোট ৩২ জন অস্ট্রেলীয় সেনা নিহত হয়েছে আফগানিস্তানে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী নির্বাচনের আগেই সব সেনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। তবে আফগান সেনাদের সহায়তা করার উদ্দেশে কিছু সেনা সেখানে রেখে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী গিলার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.