২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের কাঠগড়ায় ব্রেইভিক

নরওয়েতে গত বছর বোমা হামলা এবং গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যার নায়ক আন্দ্রে বেরিং ব্রেইভিককে বিচারের জন্য আদালতে হাজির করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

নরওয়ে, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নরওয়েতে গত বছর বোমা হামলা এবং গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যার নায়ক আন্দ্রে বেরিং ব্রেইভিককে বিচারের জন্য আদালতে হাজির করা হয়েছে। সোমবার কড়া সশস্ত্র পাহারার মধ্য দিয়ে অসলোর আদালতকক্ষে হাজির করা হয় আত্মস্বীকৃত খুনী ব্রেইভিককে। হাতকড়া পরে আদালতে প্রবেশ করেন তিনি। আসনে বসার আগে তার হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় স্যালুট দেওয়ার ভঙ্গিতে মুষ্টিবদ্ধ ডান হাত তুলে ধরে ব্রেইভিক বলেন, তিনি আদালতের কর্তৃত্ব মানেন না। কারণ, আদালত বহুসংস্কৃতিবাদের সমর্থক রাজনৈতিক দলগুলোর আজ্ঞাবহ। বিচারের শুরুতেই দোষ অস্বীকার করেছেন ব্রেইভিক। এর আগে ব্রেইভিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও তা অপরাধ বলে মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন। নরওয়েকে বহুসংস্কৃতি ও ইসলাম থেকে রক্ষার জন্যই ওই হামলা চালিয়েছেন বলে দাবি করেন তিনি। আাদালত ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ রায় দিলে তাকে মনোচিকিৎসকদের চিকিৎসাধীনে রাখা হবে। আর মানসিকভাবে সুস্থ রায় দিলে তার জেল হবে। ব্রেইভিক আদালতে বলেন, “আমি নরওয়ের আদালত মানি না। আপনারা রাজনৈতিক দলগুলোর হয়ে কাজ করছেন, যারা বহুসংস্কৃতিকে সমর্থন করে। আমি আদালতের কর্তৃত্ব স্বীকার করি না।” প্রায় আড়াই মাস আগে বিচারের এ দিন ধার্য করা হয়। এর মধ্যে তার অপরাধ ও সুস্থতা নিরীক্ষার নির্দেশ দেয় আদালত। ব্রেইভিকের বিচার চলাকালে অসলোর বিশেষ আদালত কক্ষে দুই শতাধিক মানুষ উপস্থিত হয়। এছাড়া ওই হামলায় নিহতদের প্রায় সাতজন আত্মীয়-পরিজন ক্লোজ সার্কিট ভিডিও’র মাধ্যমে নরওয়ে জুড়ে বিচার কাজ পর্যবেক্ষণ করেন। হামলায় বেঁচে যাওয়া ভেগার্ড গ্রয়েসলি ওয়েনেসল্যান্ড (২৮ ) আদালত কক্ষের বাইরে বলেন, “আজ বিচার শুরু হল। এটা অনেকের জন্যই কঠিন সময়। আমি ব্যক্তিগতভাবে শেষবার আমার বন্ধুদের গুলি করতে দেখি তাকে।” গত বছর ২২ জুলাই রাজধানী অসলোয় প্রধানমন্ত্রী ভবনের কাছে বোমা হামলা এবং উটোইয়া দ্বীপে যুব সম্মেলনে গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক। হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়ার জন্য ওই হামলা চালানো হয়েছে। ওই সব ষড়যন্ত্রকারী যাদের অভিবাসনপন্থি নীতি নরওয়েবাসীদেরকে ভ্যবিচারী করে তুলছে। হামলার পর পরই ব্রেইভিকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে তাকে মানসিকভাবে অসুস্থ বলে রায় দেয়া হয়। তবে চলতি বছর আরেক দফা বিশেষজ্ঞ দিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাকে মানসিকভাবে সুস্থ বলা হয়। তবে আদালতে পাঁচজন বিচারক নিয়ে গঠিত প্যানেলের সিদ্ধান্ত এ দ্বন্দ্বের সমাধান করবে। বিচার চলবে ১০ সপ্তাহ। বিচারকরা ব্রেইভিককে সুস্থ মনে করলে তার ২১ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। এমনকি তাকে ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে মনে হলে তাকে অনির্দিষ্টকাল বন্দি থাকতে হতে পারে। আর যদি ব্রেইভিককে মাসনিকভাবে অসুস্থ মনে করে বিচারক প্যানেল, তাহলে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হবে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৭ঘ.