২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেঙ্কারিতে ভেস্তে গেছে ওবামার ল্যাতিন পরিকল্পনা

ল্যাতিন আমেরিকাকে কব্জায় আনতে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তা নিজ নিরাপত্তা রক্ষীদের যৌন কেলেঙ্কারি আর কিউবার ওপর থেকে মার্কিন বাণিজ্য অবরোধ তুলে নেয়ার অপ্রত্যাশিত আঞ্চলিক চাপে অনেকটাই ম্লান হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

কার্টাগেনা, কলম্বিয়া, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ল্যাতিন আমেরিকাকে কব্জায় আনতে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তা নিজ নিরাপত্তা রক্ষীদের যৌন কেলেঙ্কারি আর কিউবার ওপর থেকে মার্কিন বাণিজ্য অবরোধ তুলে নেয়ার অপ্রত্যাশিত আঞ্চলিক চাপে অনেকটাই ম্লান হয়ে গেছে। শনিবার থেকে কলম্বিয়ার কার্টাগেনা শহরে দুইদিনব্যাপী ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস) এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। রোববার সম্মেলন শেষ হবে। সম্মেলন শুরুর আগেই শুক্রবার যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ওমাবার নিরাপত্তা রক্ষীরা। এ কারণে মার্কিন গোয়েন্দা সংস্থার ১১ সদস্যকে দেশে ফেরত পাঠানো হয়। আর অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয় পাঁচ সেনাসদস্যকে। এ ঘটনায় সম্মেলনে যোগ দেওয়া ৩২টি ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপ্রধানের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন প্রেসিডেন্ট ওবামা। এ কেলেঙ্কারির কারণে সম্মেলন নিয়ে ওবামার প্রত্যাশা মারাত্মক ধাক্কা খেয়েছে। এতে সম্মেলনের মূল আলোচ্য বিষয় ভেস্তে গেছে। সম্মেলনে যোগদানকারী ল্যাতিন আমেরিকার একজন কূটনীতিক বলেন, “বাণিজ্য ও মাদক নিয়ে সকালে আলোচনায় বসেছিলাম। কিন্তু বৈঠকের অন্যান্য প্রতিনিধিরা কেবল একটা বিষয়েই আলোচনায় আগ্রহী ছিলেন। আর তা হল দালাল ও পতিতা।” তবে ওই কেলেঙ্কারি নিয়ে কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলন শুরুর আগে ব্যাবসায়ীদের উদ্দেশ্যে ভাষণ দিলেও ওই ঘটনার বিষয়টি তিনি এড়িয়ে যান। তবে এ বিষয়টি এড়িয়ে গেলেও সম্মেলনে অপ্রত্যাশিত আরেক চাপের মুখে পড়েন ওবামা। ল্যাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়াসহ রক্ষণশীল দলগুলোর নেতৃত্বধীন ও বামপন্থীদের নেতৃত্বাধীন দেশগুলো একযোগে পরবর্তী ওএএস’র বৈঠকে কিউবার অংশগ্রহণের পক্ষে দাবি জানায়। সম্মেলনে অংশগ্রহণকারী আজেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জানান, কিউবা বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সম্মেলনের চূড়ান্ত ঘোষণার বিষয়টি স্থবির হয়ে পড়েছে, সম্মেলনে যোগ দেওয়া ৩২টি রাষ্ট্র আগামী সম্মেলনে কিউবার যোগ দেওয়ার পক্ষে অবস্থান নিলেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করছে। “আমরা সিদ্ধান্ত নিয়েছি কিউবার উপস্থিতি ছাড়া ভবিষ্যতে আমরা আর এই সম্মেলনে অংশগ্রহণ করবো না,” ল্যাটিন আমেরিকার বামপন্থী আট জাতির জোট এএলবিএ পক্ষ থেকে জানানো হয়। এই জোটে অন্যতম সদস্য ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া ও নিকারাগুয়া। কিউবাও এই জোটের সদস্য দেশ। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ জোটটির প্রতিষ্ঠাতা। এছাড়া ওএএস’র মাদকবিরোধী নীতি ঢেলে সাজানোর মতো বিষয়ে যুক্তরাষ্ট্রের আরো বেশি সম্পৃক্ততা দাবি করেছে ল্যাতিন আমেরিকার দেশগুলোর নেতারা। ল্যাতিন আমেরিকার অনেকে নেতাই মনে করেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন দৃষ্টিভঙ্গি নেওয়া দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৭২২ঘ.