ওকলাহোমা সিটি, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে শনিবার মধ্যরাতের পর টর্নেডোয় ৫ জন নিহত হয়েছে। রোববার ওকলাহোমার জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র একথা জানান।
রাতভর ঝড় বয়ে গেছে কানসাস, নেব্রাস্কা এবং আইওয়ার কিছু অংশের ওপর দিয়েও। কিন্তু ওকলাহোমার একটি শহরে টর্নেডোর সতর্ক সঙ্কেত ঠিকমতো কাজ না করায় অপ্রস্তুত নাগরিকরা ঝড়ের কবলে পড়ে ৫ জনের প্রাণহানি ঘটেছে।
টর্নেডোয় ওকলাহোমার উডওয়ার্ড শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে বলে শহরটির মেয়র রস্কো হিল জানিয়েছেন।
শহরটির পশ্চিমাঞ্চলে নিহত হয় দুই শিশু। শহরটির বাইরে ছোট্ট একটি পল্লীতে নিহত হয় আরো দুইজন। তবে পঞ্চমজন কোথায় কিভাবে নিহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৯ঘ.
bdnews24