২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রথম ভাষণ

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সাঙয়ের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে রোববার প্রথমবারের মতো টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির নতুন নেতা কিম জং-উন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

পিয়ংইয়াং, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সাঙয়ের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে রোববার প্রথমবারের মতো টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির নতুন নেতা কিম জং-উন। ভাষণের শুরুতেই দাদা ইল-সাঙ ও বাবা কিম জং-ইলের প্রতি শ্রদ্ধা জানান উত্তর কোরিয়ার নতুন এ নেতা। উত্তর কোরিয়ার ‘সামরিক অগ্রাধিকার’ নীতির প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে দেশ হুমকির মুখে পড়ার আশঙ্কার সময়টিও ‘চিরতরে শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেন উন। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে পিয়ংইয়াংয়ের প্রধান চত্বরে কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়েছে। টেলিভিশন চিত্রে দেখা গেছে, কুচকাওয়াজের সময় ড্রামের তালে তালে উত্তর কোরিয়ার সেনারা লাল পতাকা নিয়ে পদযাত্রা করছে। গত বছর ডিসেম্বরে বাবা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার নেতা নির্বাচিত হন জং-উন। এরপর এই প্রথম জনসম্মুখে ভাষণ দিলেন তিনি। এতে লিখিত একটি বক্তব্য পড়ে শোনান উন। ২০ মিনিটব্যাপী এ বক্তব্যে তিনি বলেন, “আমাদের জাতিকে উন্নত ও পুনরেকত্রিত করার কাজে নিয়োজিত দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী স্বদেশবাসী ও বিশ্বের অন্যান্যদের শুভকামনা জানাচ্ছি।” এতে তিনি আরো বলেন, শান্তি প্রয়োজন। তবে জাতিগত গৌরব তার চেয়েও জরুরি। তিনি বলেন, “চলুন আমরা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাই।” দুইদিন আগে রকেট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া বড় ধরনের কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত কিম ইল সাঙের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কক্ষপথে আবহাওয়া উপগ্রহ পাঠানোর কথা বলে এই রকেট উৎক্ষেপণ করা হলেও শেষ পর্যন্ত তা বিধ্বস্ত হয়। রকেটটি উৎক্ষেপণের মধ্য দিয়ে কিম সাঙের পৌত্র কিম জন উনের ক্ষমতারোহণের ক্ষণকে স্মরণীয় করে রাখারও পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা ব্যর্থ হওয়ায় এবার সামরিক সক্ষমতার প্রমাণ দিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষার পথে এগুবে বলে শঙ্কা প্রকাশ করে দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ্/১৫২৭ঘ.