নিউ ইয়র্ক, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতীতে যারা দাঁতের এক্স রে করিয়েছেন তারা ব্রেইন টিউমারের ঝুঁকিতে পড়তে পারেন বলে নতুন একটি গবেষণায় ইঙ্গিত করা হয়েছে।
তবে গবেষণায় তেজস্ক্রিয় রশ্মি থেকে টিউমার হয়েছে সে রকম কোনো প্রমাণ পাওয়া যায় নি। এছাড়া দাঁতের এক্স রে করার সময় উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার মুখে পড়েছেন এমন মানুষের ওপর ভিত্তি করেই গবেষণার ফলাফল নির্ধারিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের কানেক্টিকুটের নিউ হেভেনের ‘ইয়েল স্কুল অব মেডিসিন’র অধ্যাপক ও প্রধান গবেষক ডা. এলিজাবেথ ক্লস বলেন, “আমরা অতীতে দাঁতের এক্স রে-এর কথা বলছি। অতীতে ঝুঁকির মাত্রা বেশি ছিল।”
‘ক্যান্সার’ নামের একটি পত্রিকায় গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষণার জন্য ক্লসের দল ১ হাজার ৪শ’ ৩৩ জন ব্রেইন টিউমার আক্রান্ত মানুষকে বেছে নেন।
এসব ব্যক্তিদের ২০ বছর বয়স থেকে ৭৯ বছর বয়সের মধ্যে ব্রেইন টিউমার ধরা পড়ে এবং তারা সবাই যুক্তরাষ্ট্রের কানেক্টিকুট, ম্যাসাচুসেটস, নর্থ ক্যালিফোর্নিয়া অথবা হিউস্টন বা সানফ্রান্সিসকো বে অঞ্চলের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২১৬ ঘ.
bdnews24