ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যাঙ্গাত্মক একটি চিত্র ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সাইটে দিয়ে হামলার পর গ্রেপ্তারও হতে হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে।
রসায়ন বিভাগের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে ভারতের সংবাদপত্রে খবর ছাপা হয়েছে।
তার আগে মমতার দল তৃণমূল কংগ্রেসের এক দল কর্মী অম্বিকেশকে মারধর করে বলে এনডিটিভি জানিয়েছে। তবে শুক্রবার দুপুরে জামিনে ছাড়া পান এই অধ্যাপক।
অম্বিকেশের বিরুদ্ধে সাইবার ক্রাইমের পাশাপাশি অশ্লীলতা ও যৌন হয়রানির অভিযোগও আনা হয়েছে।
এই অধ্যাপক কয়েকটি ছবির একটি কোলাজ ফেইসবুকে আপলোড করেন, যাতে মমতা ও কেন্দ্রীয় রেলমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় ছিলেন। এতে রেলওয়ের লোগো দেখিয়ে সাবেক রেলমন্ত্রী মমতার মুখে বসানো হয়, “মুকুল, ওই দেখা যায় সোনার কেল্লা”।
অধ্যাপক মহাপাত্রকে গ্রেপ্তারের পক্ষে যুক্তি দেখিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “অপমান করার জন্যই এই ছবি ব্যবহার হয়েছে। পুলিশ যা করেছে, ঠিক করেছে।”
মমতাও শুক্রবার এক অনুষ্ঠানে কোনো প্রসঙ্গ উল্লেখ না করে বলেন, “চক্রান্ত করলে কেউ ছাড়া পাবে না।”
তবে অধ্যাপককে গ্রেপ্তারের সমালোচনা করে বিধান সভায় বিরোধীদলীয় নেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র বলেন, “সামগ্রিকভাবে রাজ্যজুড়ে গণতন্ত্রের ওপর যে আক্রমণ চলছে, এটা তারই একটি অবিচ্ছেদ্য অংশ।”
সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত বলেন, “এটা গণতান্ত্রিক অধিকার বা বাক স্বাধীনতা হরণ। পাঠকক্ষে মানুষ কী পড়বে, আজ তা তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ঠিক করে দেন, আমাদের কী চিন্তা করতে হবে, তা আগামীকাল তিনি আমাদের বলে দেবেন।”
সরকারি পাঠাগারে বহুল প্রচারিত আনন্দবাজারসহ সব ইংরেজি পত্রিকা না রাখতে মমতার নির্দেশের দিকে ইঙ্গিত করে সিপিএমের এই বক্তব্য।
এদিকে অধ্যাপককে হয়রানির আলোচনার জন্য এক জরুরি বৈঠক ডেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫২০ ঘ.
bdnews24