ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ঐতিহাসিক সফরে মিয়ানমার পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইতোমধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেনের সঙ্গে বৈঠকও করেছেন।
শুক্রবার ১০ সদস্যের একটি দল নিয়ে দেশটির রাজধানী নাইপিতাওয়ে পৌঁছেন ক্যামেরন। ৬০ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মিয়ানমার সফর করছেন তিনি।
সফরকালে মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির সঙ্গে আলোচনা করতে ইয়াঙ্গুন যাবেন ক্যামেরন।
মিয়ানমার পৌঁছানোর আগে সিঙ্গাপুরে স্বল্প সময়ের যাত্রাবিরতিতে দেশটির প্রেসিডেন্ট লি সেইনের সঙ্গে ক্যামেরন সাক্ষাৎ করেছেন বলে বিবিসি জানায়।
প্রায় অর্ধ শতবর্ষ মিয়ানমার শাসন করেছে সামরিক জান্তা সরকার। দেশটির ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে।
বৃহস্পতিবার বিবিসি রেডিও ৫ -এ দেওয়া সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেনের সঙ্গে সাক্ষাত করে গণতান্ত্রিক সংস্কারে পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ জানাবেন তাকে।
মিয়ানমার সংস্কারের পথে এগোতে থাকলে এবং ইইউ তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে গণতন্ত্রের গঠন, সন্ত্রাস মোকাবিলা, শান্তি ও সমঝোতার মতো বিভিন্ন বিষয়ে দেশটিকে সহায়তা দিতে যুক্তরাজ্যের প্রস্তুত থাকার বিষয়ে ক্যামেরন বৈঠকে থিয়েন সেনকে জানাবেন বলেও আশা করা হচ্ছে।
স¤প্রতি মিয়ানমারের উপনির্বাচনে জয়ী গণতন্ত্রকামী নেত্রী সুচির সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে ক্যামেরনের অংশ নেওয়ার কথা রয়েছে।
ক্যামেরনের এ সফর সত্যিকার অর্থেই রাজনৈতিক বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে।
এদিকে মিয়ানমারে ঘটা অগ্রগতির কথা স¦ীকার করায় বৃহস্পতিবার ক্যামেরনকে সমর্থন করেছেন মিয়ানমারের সাবেক শ্রম মন্ত্রী বারোনেস কিনক। তবে দেশটিতে সেনাবাহিনীর এখনও একক আধিপত্য বজায় থাকায় অস্ত্র, খনি ও কাঠ শিল্পের মতো মূল্যবান শিল্পের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের এখনও সময় হয়নি বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
৬০ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের এ সফরকে দেখা হলেও দেশটিতে এটাই পশ্চিমা কোনো নেতার প্রথম সফর নয়। এরআগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও মিয়ানমার সফর করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪০ ঘ.
bdnews24