বেইজিং, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের বিতর্কিত নেতা বো জিলাইকে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো ও কেন্দ্রিয় কমিটির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে এক ব্রিটিশ ব্যবসায়ী হত্যায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে তার স্ত্রীকে।
মঙ্গলবার রাতে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটি বো’কে অপসারণের কথা ঘোষণা করে। গত কয়েক দশকের মধ্যে চীনা রাজনীতিতে এটি সবচেয়ে বড় বিশৃঙ্খল ঘটনা।
চঙকিঙ পার্টির সাবেক প্রধান বো জিলাই ছিলেন এক উদীয়মান রাজনীতিবিদ। তাকে বরখাস্তের আকস্মিক ঘোষণায় চীনে কমিউনিস্ট পার্টির শর্ষি নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর মধ্য দিয়ে বো’য়ের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেল। বো’কে চীনের পরবর্তী শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
কেন্দ্র্রিয় নেতাদের উদ্ধৃতি দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, “কমরেড বো জিলাই গুরুতর শৃঙ্খলাাবরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।”
সিনহুয়ায় প্রকাশিত অন্য এক প্রতিবেদনে জানানো হয়, বো’য়ের স্ত্রী গু কাইলাই ব্রিটিশ নাগরিক নেইল হেইউড খুনের ঘটনায় জাড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
“চঙকিংয়ে নিহত ব্রিটিশ নাগরিক নেইল হেইউডের হত্যার বিষয়টি পুনঃতদন্তের জন্য পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে,” জানায় সিনহুয়া।
তদন্তকারীরা হেইউডের মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জাড়িত সন্দেহে কাইলাই ও বো’য়ের গৃহকর্মী ঝ্যাং জিয়াউজুন কে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
বরখাস্ত হওয়ার আগে চঙকিং শহরের কমিউনিস্ট পার্টি প্রধান ছিলেন বো।
১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে অনুষ্ঠিত ছাত্র বিক্ষোভে একাত্মতা প্রকাশ করায় চীনা কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক ঝাও ঝিয়াংকে অপসারণ করা হয়েছিল। ওই ঘটনার পর বো’কে অপসারণই চীনের রাজনৈতিক অঙ্গনে ঘটা সবচেয়ে বড় অপসারণের ঘটনা।
চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ক্ষমতাধারী পলিটব্যুরোর সদস্য সংখ্যা ২৫ জন এবং কেন্দ্রিয় কমিটির সদস্য সংখ্যা ৩০০ জন। পলিটব্যুরই চীনে যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০২ঘ.
bdnews24