পিয়ংইয়াং, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর আপত্তি উপেক্ষা করে রকেটে জ্বালানি ভরতে শুরু করেছে উত্তর কোরিয়া। ফলে বৃহস্পতিবারই রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার এ পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে পড়ছে আঞ্চলিক শক্তিধর দেশগুলো। তাদের ধারণা এর পর ২০০৯ সালের মতো আবারও পরমাণু পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।
রকেটে জ্বালানি ভরা শেষ হলে এতে রাসায়নিক ভরা হবে। এর মধ্য দিয়ে ঘোষিত পাঁচদিনের মধ্যে বৃহস্পতিবারই রকেটটি মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।
কোরিয়ার মহাকাশ প্রযুক্তি কমিটির স্যাটেলাইট নিয়ন্ত্রণ প্রধান পায়েক চ্যাং-হো বলেন, “বাইরের লোকে কি বললো তার পরোয়া করি না। আমাদের অর্থনীতি উন্নয়নে পথে এটা সমালোচনামূলক।”
তবে রকেট উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে জবাবে পায়েক বলেন, “আমার নেতারাই বিষয়টি নির্ধারণ করবেন।”
জাপানি টেলিভিশনে আবহাওয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কিংবা শনিবার রকেটটি উৎক্ষেপণের জন্য কোরিয়া উপদ্বীপের আবহাওয়াও অনুকূল।
ওদিকে, দক্ষিণ কোরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের রকেট প্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসর ফ্রান্সিস ইয়ুন বলেন, বৃহস্পতিবারই রকেটটি উৎক্ষেপণের সম্ভাবনা সবচেয়ে বেশি।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা কিম ইল সাঙের জন্মশতবর্ষপূর্তি উপলক্ষে ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে রকেটটি উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ১৫ এপ্রিল কিম ইল সাঙের ১’শতম জন্মবার্ষিকী।
রকেট উৎক্ষেপণ করে পৃথিবীর কক্ষপথে একটি আবহাওয়া উপগ্রহ পাঠানো হবে বলে জানিয়েছে দেশটি। কিন্তু পশ্চিমা দেশগুলোর ধারণা উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে।
মঙ্গলবার উত্তর কোরিয়ার ওই ঘোষণার পরপরই এ পরিকল্পনার নিন্দা জানায় রাশিয়া। রকেট উৎক্ষেপণ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াও। পরিকল্পনামাফিক রকেট উৎক্ষেপণ করলে উত্তর কোরিয়া আন্তর্জাতিক অঙ্গণ থেকে চরমভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে হুঁশিয়ার করেছে তারা।
উত্তর কোরিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষক চীনও দেশটির এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে।
উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের ঘোষণায় চরম উদ্বিগ্ন জাপানও। এর আগের একটি উত্তর কোরীয় দূরপাল্লার রকেট জাপানের ওপর দিয়ে আকাশ পথে দিয়ে পাড়ি দিয়েছিল। এবারের রকেটটি আকাশসীমায় প্রবেশ করলে গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে জাপান।
তবে এসব রাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও রকেট উৎক্ষেপণকে নিজেদের সার্বভৌম অধিকার বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১৬ঘ.
bdnews24