২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় চলমান সহিংসতায় যুদ্ধবিরতির আশা ক্ষীণ

সিরিয়ায় সহিংসতা চলতে থাকায় ক্ষীণ হয়ে পড়েছে যুদ্ধবিরতির আশা। শান্তি পরিকল্পনা বাস্তবায়নের শেষ সময়সীমার ৪৮ ঘণ্টা আগেও মঙ্গলবার বিভিন্ন শহরে ট্যাংক হামলা হয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে ৩৭ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

বৈরুত, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সহিংসতা চলতে থাকায় ক্ষীণ হয়ে পড়েছে যুদ্ধবিরতির আশা। শান্তি পরিকল্পনা বাস্তবায়নের শেষ সময়সীমার ৪৮ ঘণ্টা আগেও মঙ্গলবার বিভিন্ন শহরে ট্যাংক হামলা হয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে ৩৭ জন। হোমস এবং হামা শহরে ট্যাংক ও মর্টার হামলা চালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ছয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বিরোধী পক্ষের কর্মীরা। অন্যদিকে, সেনাদের হাতে নিহত হয়েছে ৩১ জন। আসাদ বিরোধী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস’ জানায়, তুরস্ক সীমান্তবর্তী মরু শহর মারকাদার একটি মহাসড়কে দুটি তল্লাশি চৌকিতে হামলায় সেনারা নিহত হয়। তবে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানায় এ হামলা সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ওদিকে সিরিয়া বলছে, জাতিসংঘ-আরব লিগ শান্তিদূত কফি আনান প্রস্তাবিত পরিকল্পনা মেনে কিছু শহর থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। সিরিয়ার সহিংসতা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যেও আনান আশা প্রকাশ করে বলেছেন, শান্তি পরিকল্পনা ব্যর্থ হয়েছে তা এখনই বলা যাবে না। এটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এখনও আছে এবং আমরা সবাই তা হওয়ার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছি। সময় দ্রুতই ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি সিরিয়ার বিবাদমান দুপক্ষকেই সহিংসতা বন্ধের আহ্বান জানান। কফি আনানের প্রস্তাবে সেনা প্রত্যাহারের পাশাপাশি বিদ্রোহীদেরও সহিংসতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। যাতে করে ১২ এপ্রিল বৃহস্পতিবার ভোর থেকে অস্ত্রবিরতি কার্যকর হয়। এর আগে ১০ এপ্রিলের মধ্যে লড়াইক্ষেত্রগুলো থেকে সব সেনা প্রত্যাহারের সময়সীমা দেওয়া হয়েছিল সিরিয়া সরকারকে। কিন্তু এ সময় শেষের দিন মঙ্গলবারেও সেনা প্রত্যাহারের কোনো লক্ষণ দেখা যায়নি বলে দাবি করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হোমসের খালিদিয়ায় বিদ্রোহী ঘাঁটিতে ভারী গোলাবর্ষণ হয়েছে এবং দক্ষিণাঞ্চলের দেরায় বিদ্রোহী ও সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে এ শহরটিতে। নিহতের সংখ্যা কমপক্ষে ২৬ বলে জানিয়েছে আন্দোলন কর্মীরা। হোমসে সকালে নাস্তার সময় হামলা শুরু হয়েছে বলে আসাদের বিরোধী শিবিরের কর্মীরা জানিয়েছেন। ওয়ালিদ ফার্স বলেন, “সকাল সাড়ে আটটার সময় গোলার শব্দে আমার ঘুম ভেঙেছে। এখনও প্রতি ১০ মিনিট পর পর আমি গোলার শব্দ শুনছি।” হামায় রাতভর গোলাবর্ষণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন সেখানকার এক অধিবাসী মানাল আবু বকর। শহরটিতে এখনো ট্যাংক টহল দিচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, “রাত ২ টার দিকে এলাকায় দুটো গোলা পড়েছে এবং রাস্তায় ট্যাংক ঘুরে বেড়াচ্ছে। তবে এ মুহূর্তে কোনো গোলা পড়ছে না। তারা রাতের অন্ধকারে গোলা হামলা চালায় যাতে এ ঘটনার চিত্রায়ন না হতে পারে।” জাতিসংঘ জানিয়েছে, গত এক বছর ধরে সিরিয়ায় চলমান সহিংসতায় সরকারি বাহিনীর হামলায় ৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর সিরিয়ার আসাদ সরকার অভিযোগ করেছে, বিদেশি সমর্থনপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা সিরিয়ায় সহিংসতা সৃষ্টি করছে এবং তাদের হামলায় প্রায় ২ হাজার ৫’শ সেনা ও পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবার থেকে জাতিসংঘ প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছিল সিরিয়া সরকার। তার আগেই তারা শহরগুলোতে মোতায়েন সরকারি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিরোধী পক্ষও সহিংসতা বন্ধ করবে এ মর্মে সরকার তাদের কাছে লিখিত অঙ্গিকার দাবি করে। এ দাবি প্রত্যাখ্যান করে বিরোধীরা। ফলে সহিংসতা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্র“ত অঙ্গীকার পূরণের আশাও ক্ষীণ হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫২ঘ.